খোলা বাজারে চাল বিক্রির প্রভাবে বাজার স্থিতিশীল
খোলা বাজারে চাল বিক্রির প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। এই চাল বিক্রির কার্যক্রমে খুব ভিড় নেই, তা সত্ত্বেও চালের দাম খুচরা ও পাইকারি বাজারে স্থিতিশীল রয়েছে। ক্রেতা কম থাকায় দাম কমিয়ে চাল বিক্রি করছেন বলেও কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন।পুরান ঢাকার বাবুবাজারের মণিমুক্তা রাইস এজেন্সির মাজহারুল ইসলাম জানান, সরকার খোলাবাজারে চাল বিক্রি শুরুর পর থেকে তাদের বাজারে বিক্রি অনেক কমে গেছে। কেউ কেউ দাম কমিয়ে চাল বিক্রি করছেন। আবার ঘন কুয়াশা কেটে যাওয়ায় মোকামেও সরবরাহ বেড়েছে।গতকাল বাবুবাজারে কথা হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি ভৈরবের আশুগঞ্জ থেকে চাল কিনে বাজারে বিক্রি করেন। তিনি জানান, গত কয়েক দিন ধরে ওই এলাকায় মোটা চালের দাম কেজিতে দুই টাকা কমেছে। ২৭ টাকার গুটি চাল এখন ২৫ টাকায় বিক্রি হচ্ছে।পুরান ঢাকার ডিলার নিউ নিপা রাইস এজেন্সির মালিক নাসির উদ্দিন মাহমুদ প্রতিদিন দুই টন চাল নয়াবাজার, বাবুবাজার, জিন্দাবাহারসহ আশপাশের এলাকায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রি করেন। তিনি বলেন, খোলাবাজারে চাল বিক্রি হওয়ায় পাইকারি বাজারে চাল বিক্রি কমে গেছে। ফলে দামও অনেকটা কমেছে।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে গিয়ে দেখা যায়, চৌরাস্তার পশ্চিম পাশে খোলাবাজারে চাল বিক্রি চলছে। সেখানে কথা হয় ভাসমান ভাঙারি ব্যবসায়ী হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি জানান, বাজার থেকে যে চাল তিনি খাচ্ছেন তার কেজি ৩৫ টাকা। এখানে দাম কম পাওয়ায় এখান থেকে সংগ্রহ করছেন।শাহবাগের ভাসমান প্রসাধনী ব্যবসায়ী খোরশেদ পলাশীর মোড়ে চাল কিনতে এসেছেন। তিনি জানান, গতকাল তিনি ৮০ টাকা রোজগার করেছেন। বাজারে ২৭-২৮ টাকার নিচে চাল পাওয়া যায় না। দাম কম বলেই প্রথম এখান থেকে চাল কিনছেন। ষাটোর্ধ্ব পরিবানু অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। চালের দাম কম শুনে তিনিও এখানে এসেছেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, খোলাবাজারে চাল বিক্রি অব্যাহত থাকবে। এ জন্য ১০০ ডিলার নিয়োগ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০০ ডিলার বাড়ানো হবে। রাজধানীতে বর্তমানে ৫০টি ট্রাকে চাল বিক্রি চলছে। ট্রাকের সংখ্যা আরও ৫০টি বাড়ানো হবে।মোখলেছুর রহমান বলেন, কামরাঙ্গীরচর ও বাড্ডা এলাকায় ট্রাকে ডিলারের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রমের ব্যাপক সাড়া পাওয়া গেছে। একেকজন ডিলারকে প্রতিদিন দুই থেকে চার টন চাল দেওয়া হচ্ছে। এ ছাড়া কাজের বিনিময় খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফের (টিআর) চাল ছেড়ে দেওয়ায় বাজারে প্রভাব পড়তে শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের গুদামে এখনো ১০ লাখ টন চাল মজুদ আছে। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খোলাবাজারে বিক্রি অব্যাহত থাকবে।