খোলা বারান্দা ও গাছের নিচে শিশুদের পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত ২৫ এপ্রিল ঝড়ে বিধ্বস্ত হয়। এখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে সকালে বিদ্যালয়ের চালবিহীন বারান্দায় ও রোদের প্রখরতা বৃদ্ধি পেলে গাছের নিচে শিশুদের পাঠ দেওয়া হচ্ছে।
এলাকাবাসী, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জালুয়াভিটি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩ সালে সরকারীকরণ হয়। কিন্তু আজও সরকারিভাবে কোনো বরাদ্দ আসেনি। নানা প্রতিকূলতার মধ্যেই ১৩৮ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম চলে আসছে। ২৫ এপ্রিল রাতে ঝড়ে বিদ্যালয়টির ছয় কক্ষের সবগুলোর টিনের চাল উড়ে যায়। ভিজে নষ্ট হয়ে যায় বিদ্যালয়ের কাগজপত্র, অফিসের বই-খাতাসহ বিভিন্ন মালামাল। বিদ্যালয়টি দ্রুত সংস্কারের জন্য তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া মৌখিকভাবে সহযোগিতা চাওয়া হয় বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে। কিন্তু এক মাস পার হতে চললেও কেউ বিধ্বস্ত বিদ্যালয়টির সংস্কারের উদ্যোগ নেননি। উপজেলা শিক্ষা অফিস তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টি মেরামতের ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন পাঠায়। জেলা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা) বরাবর একই আবেদন পাঠানো হয়েছে। সেখান থেকে বরাদ্দ পাঠানোর কথা থাকলেও এখনো তা বিদ্যালয়ে আসেনি। তবে প্রধান শিক্ষক নিজের উদ্যোগে দুজন কাঠমিস্ত্রি দিয়ে বিদ্যালয় কিছুটা মেরামত করেন। কিন্তু এখনো চাল তোলা সম্ভব হয়নি। সকালে বিদ্যালয়ের চালবিহীন বারান্দায় ও রোদের প্রখরতা বাড়লে গাছের নিচে শিক্ষার্থীদের পাঠ দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে বাধ্য হয়ে ক্লাস বন্ধ করে দিতে হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ আলী সিকদার বলেন, ‘আমাদের উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানের তহবিলে কি কিছু নেই? সেখান থেকে কিছু অনুদান দিলে কী হতো? কিন্তু কেউ কোনো সাহায্য-সহযোগিতার হাত বাড়াননি।’
গত সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনের একটি আমগাছের নিচে শিশুশ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ। পাশেই বিদ্যালয়ের চালহীন বারান্দার এক পাশে প্রথম শ্রেণির ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক রাহিমা আক্তার। অন্য পাশে ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক রুবিনা আক্তার।
আনোয়ার জাহিদ বলেন, বিদ্যালয়টি দ্রুত মেরামত করার জন্য বিভিন্ন স্থানে সাহায্যের আবেদন করা হয়েছে। চালবিহীন বিদ্যালয়ের একটি কক্ষে ও বারান্দায় এবং রোদের প্রখরতা বৃদ্ধি পেলে গাছের নিচে শিশুদের পাঠদান দেওয়া হয়। এ অবস্থায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ২০ শতাংশ কমে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা) থেকে একটা বরাদ্দ আসার কথা রয়েছে। ওই বরাদ্দ পেলেই সংস্কারকাজ করা হবে।
ইউএনও মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দ্রুত বিদ্যালয়টির সংস্কার করা হবে।