খোলা মনে সমাজের বৈচিত্র্য মেনে নিতে হবে: ফ্রিজেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সকালে ডেই​লি স্টার ভবনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মিডিয়া ​ফেলোশিপ ২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিজেলের সঙ্গে বিজয়ীরা l ছবি: প্রথম আলো
গতকাল সকালে ডেই​লি স্টার ভবনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মিডিয়া ​ফেলোশিপ ২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিজেলের সঙ্গে বিজয়ীরা l ছবি: প্রথম আলো

সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিজেল বলেছেন, কোনো একটি সমাজ বা রাষ্ট্রে সংখ্যালঘুরা কতটা স্বচ্ছন্দে থাকতে পারছে, তার ওপর সেই সমাজ বা রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে। গতকাল রোববার বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরও বলেন, সমাজ বৈচিত্র্যে পূর্ণ। খোলা মন নিয়ে এ বৈচিত্র্য মেনে নিতে হবে।
গণমাধ্যমে হিজড়াদের নিয়ে প্রতিবেদন তৈরির জন্য বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ১০ জনকে গতকাল ফেলোশিপ অ্যাওয়ার্ড দেয়। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জোহান ফ্রিজেল বলেন, ‘একটি সমাজে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, পশ্চাৎপদ জনগোষ্ঠী, যৌন সংখ্যালঘুসহ অনেক ধরনের সংখ্যালঘু বসবাস করে। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদে এদের প্রত্যেকের অধিকার সমুন্নত রাখার কথা বলা হয়েছে। এটা খুব আনন্দের বিষয়, বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। তবে একটি দেশ এগোচ্ছে কি না, তা বুঝতে সে দেশে সংখ্যালঘুরা কেমন আছে, তা বিবেচনা করা দরকার।’ সমাজ পরিবর্তনে গণমাধ্যমকে আরও একধাপ এগিয়ে গিয়ে হিজড়াদের পাশাপাশি সমকামীদের অধিকার নিয়েও প্রতিবেদন তৈরির অনুরোধ জানান সুইডেনের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘সমাজে সমকামিতা ছিল, আছে। সুতরাং তাদেরও অধিকার রক্ষিত হচ্ছে কি না, সেদিকে নজর দেওয়া দরকার।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো কঠিন। তবে গণমাধ্যম এই দৃষ্টিভঙ্গিটা বদলানোয় কাজ করতে পারে। হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া এবং নিজের পায়ে দাঁড়াতে তাদের ঋণ দেওয়ায় মতিউর রহমান সরকারকে ধন্যবাদ দেন।
অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কর্মরত তানিশা ইয়াসমিন বক্তব্য দেন। পরিবারে ছেলে হিসেবে বেড়ে ওঠা তানিশা বলেন, জীবনের একটা পর্যায়ে তিনি বুঝতে পারেন, তিনি আসলে নারী। তখন থেকেই শুরু হয় তাঁর সংগ্রাম। কারণ তাঁর শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো, তাতে পরিবারের দেওয়া পুরুষ নামটি ছিল। তিনি তাঁর পুরুষ নামটি এফিডেভিট করে বদলে নেন, ঢাকা শিক্ষা বোর্ডে নাম পরিবর্তনের আবেদন জানান এবং ঢাকা মেডিকেল কলেজে জেন্ডার নির্ণয়ের জন্য পরীক্ষা করান। তানিশা বলেন, হিজড়ারা সংগ্রাম করতে ভয় পায় না। তাদের জন্য শুধু সমাজের দায়িত্বশীল অংশের একটি সমর্থন দরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন আনিসুল ইসলাম ও নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। অনুষ্ঠানে নাচ করেন অনন্যা বণিক।