খোলা মাঠে কাপড় ঝুলিয়ে ভোট গ্রহণ
ফাঁকা মাঠ। খোলা আকাশের নিচে কাপড় ঝোলানো। দায়িত্বরত কর্মকর্তারা বসে আছেন। পাহারা দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটারের আনাগোনা কম। এই চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের। গতকাল সোমবার সেখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট হয়েছে।
বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্রে গিয়ে কথা হয় প্রিসাইডিং কর্মকর্তা আয়নাল হকের সঙ্গে। তিনি বলেন, এই ওয়ার্ডে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি ক্লাবঘরও নেই। এ কারণে ঈদগাহ মাঠের এক পাশে এবং এক ব্যক্তির ঘরের পেছনে কাপড় ঝুলিয়ে ভোট নেওয়া হচ্ছে। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সদস্যপদে মাত্র দুজন প্রার্থী। আবহাওয়া ভালো থাকায় খুব একটা সমস্যা হয়নি।
এলাকার সাবেক ইউপি সদস্য মিনাজুল ইসলাম বলেন, এটি আগে ছিল ৫ নম্বর ওয়ার্ডের অধীন। তখন ভোটার ছিল ১ হাজার ৬৬ জন। ইউপি নির্বাচনের আগে ভেঙে দুই ভাগ করা হয়েছে। সাবেক ৫ নম্বর ওয়ার্ড এখন হয়েছে ২ ও ৩ নম্বর ওয়ার্ড। সরকারি গেজেটে ২ নম্বর ওয়ার্ডে ভোটার রয়েছে ৫৮৫ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ৫৮৬ জন। কিন্তু ভোটার তালিকায় দেখা গেছে, ২ নম্বরে ২৫৭ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪ জন ভোটার। প্রকৃতপক্ষে ২ নম্বর ওয়ার্ডে ভোটারসংখ্যা আরও কম।
২ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মাহবুবুর রহমান ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বলেন, ‘ভোটের আগে এই অসংগতি নিরসনের জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো ফল হয়নি। এ কারণে ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে ভোট নিতে হচ্ছে।’
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকা ভাগাভাগির বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে হয়ে থাকে। ওই ওয়ার্ডের কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। এ কারণে ঈদগাহ মাঠে খোলা কাপড় দিয়ে ভোট নিতে বাধ্য হয়েছি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। তবে ফাঁকা জায়গায় কেন ভোট নেওয়া হলো, এটা রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন।