খোলা ম্যানহোলের ফাঁদে প্রাণ দিল শিশু সুমি
সিলেট নগরে বিপজ্জনক ফাঁদ হয়ে ওত পেতে থাকা ম্যানহোল কেড়ে নিয়েছে শিশু সুমির (৯) প্রাণ। গত শনিবার মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা দেখা দেওয়ার পর দুপুরের দিকে ৬ নম্বর ওয়ার্ডের বাদামবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। সুমি বাদামবাগিচা এলাকার গৌছউদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা মো. তরমুজ আলী অটোরিকশাচালক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে সুমি ছোট ভাই-বোনদের নিয়ে জলাবদ্ধতার পানি দেখতে বের হয়। একপর্যায়ে রাস্তার পাশে একটি খোলা ম্যানহোলে পা ফসকে পড়ে পানির তোড়ে সে ভেসে যায়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিকেলে টুকেরবাজার খেয়াঘাট এলাকায় একটি শিশুর লাশ সুরমা নদীতে ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সন্ধ্যায় লাশ উদ্ধারের পর তা সুমির বলে শনাক্ত করা হয়। রাতে সুমির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।