খোলাবাজারে আটা বিক্রি করতে যাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে আটা বিক্রি করতে যাচ্ছে খাদ্য বিভাগ। সরকারের আমদানি করা গম ভাঙিয়ে আটা হিসেবে বিক্রি করা হবে। প্রতি কেজি ২০ টাকা করে রাজধানীসহ মহানগর ও জেলা সদরগুলোতে এই আটা বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খাদ্য বিভাগে নিবন্ধিত ওএমএস ও ফেয়ার প্রাইস ডিলাররা এই আটা বিক্রি করবেন বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিশ্ববাজারে গমের দাম কমার পরও স্থানীয় বাজারে আটার দাম তুলনামূলকভাবে না কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়। চলতি মাসের মধ্যে আটা বিক্রির কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আগামী সপ্তাহের মধ্যেই গম ভাঙানোর জন্য বেসরকারি মিল তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়। সভায় এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করা হয়েছে। খাদ্যসচিবসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ডিলারদের কাছে প্রতি কেজি আটা ১৮ টাকা দরে সরবরাহ করা হবে। ভোক্তা পর্যায়ে দাম ২০ টাকা রাখার চিন্তা করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই মাথাপিছু পাঁচ কেজি করে খোলা আটা বিক্রি শুরু হবে। ওএমএস ও ফেয়ার প্রাইস ডিলাররা তা বিক্রি করবেন। পর্যায়ক্রমে এই কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত ১১ লাখ ফেয়ার প্রাইস গ্রহীতার কাছে নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে এই আটা প্যাকেটের মাধ্যমে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি গুদামে বর্তমানে তিন লাখ ৯৫ হাজার টন গম রয়েছে। আরও প্রায় কয়েক লাখ টন গম আমদানি-প্রক্রিয়ায় রয়েছে। সম্প্রতি ইউক্রেন বাংলাদেশে বছরে পাঁচ থেকে ১০ লাখ টন গম রপ্তানি করার অঙ্গীকার করেছে। তাও আন্তর্জাতিক বাজারে যে হারে গমের দাম কমছে দেশে সেই হারে আটার দাম কমছে না। খাদ্যসচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে যে হারে গমের দাম কমছে, দেশে সে হারে আটার দাম কমছে না। তাই সাধারণ ভোক্তাদের কথা চিন্তা করে সরকার খোলাবাজারে আটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’ যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসেবে বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম ৩০০ ডলারের নিচে নেমে এসেছে। দাম আরও কমতে পারে বলে জানা গেছে। বাংলাদেশে সরকারিভাবে যে গম আমদানি করা হচ্ছে তাতে প্রতি কেজি গমের দাম পড়ছে প্রায় ২৭ টাকা। গত বছর একই সময় আন্তর্জাতিক বাজারে প্রতি টন গমের দাম ছিল ১৯২ ডলার। ২০১০ সালের জুনে রাশিয়ায় খরা ও দাবানলের কারণে গমের দাম অস্বাভাবিক বেড়ে যায়। গত দুই মাস আগে প্রতি টনের দাম ৪৫০ ডলার পর্যন্ত ওঠে।