
‘দুই দিন আইয়া খালি হাতে ফিইরা গেছি, চাউল কিনতাম পারছি না। আজকুও কিনতাম পারমু কি না বুঝতাম পাররাম না। আখতা কয় আর বেচতাম না, তারার আর চাউল নাই। দুই দিনে আইতে-যাইতে খরচ অইছে ৬০ টাকা। ইলা অইলে আমরা বাঁচতাম কিলা।’
খোলাবাজারে চাল বিক্রির কেন্দ্রের সামনে সারিতে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন জাহেদা বেগম (৩৮)। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে তাঁর বাড়ি। উপজেলা শহরের লেগুনাস্ট্যান্ডের পাশে একটি চাল বিক্রির কেন্দ্রে গতকাল রোববার সকাল নয়টায় কথা হয় তাঁর সঙ্গে।
শুধু জাহেদা বেগমই নন, একইভাবে ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়েও চাল পাচ্ছেন না দরিদ্র মানুষেরা। দিন যতই যাচ্ছে, খোলাবাজারে চাল বিক্রির কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। সারিতে নারী-পুরুষের সঙ্গে রয়েছে শিশুরাও।
সুনামগঞ্জ হাওরে ফসলহানির পর ১০ এপ্রিল থেকে খোলাবাজারে চাল বিক্রির কর্মসূচি শুরু হয়েছে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ১৫ টাকায়। প্রতিদিন একজনের কাছে পাঁচ কেজি করে চাল বিক্রি করা হয়। কিন্তু বিক্রয়কেন্দ্র কম থাকায় মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। সরকারি হিসাবে অসময়ে ফসল হারিয়ে জেলার প্রায় তিন লাখ কৃষকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার ৬৯টি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি উপজেলা সদরে ৩টি করে মোট ৩৩টি এবং জেলার ৪টি পৌরসভায় ৯টি করে আরও ৩৬টি বিক্রয়কেন্দ্র রয়েছে। একজন ডিলার প্রতিদিন এক হাজার কেজি চাল বিক্রি করছেন। এতে একজন ডিলারের কাছ থেকে ২০০ জন লোক চাল কিনতে পারছেন। তবে এসব ডিলারের কাছে প্রতিদিনই চাল কিনতে ভিড় করেন হাজারো মানুষ। ফলে তাঁদের অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে।
বিশ্বম্ভরপুরের ওই কেন্দ্রে চাল কিনতে আসা স্থানীয় মল্লিকপুর গ্রামের বাসিন্দা মতছির আলী, রায়পুর গ্রামের জালাল উদ্দিন জানান, প্রতিদিন একজন ডিলার চাল বিক্রি করেন মাত্র এক হাজার কেজি। এতে চাল পান ২০০ জন। কিন্তু চালের জন্য ভোররাত থেকে এসে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ান। চাল না পেয়ে অনেকেই ফিরে যান। অনেকেই কান্নাকাটি করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ফসল হারিয়ে অনেক সচ্ছল কৃষকের অবস্থাও এখন খুব খারাপ। অনেকেই সামাজিক অবস্থা চিন্তা করে লাইনে এসে দাঁড়াতে পারছেন না। যদি বাড়ির কাছে কেন্দ্র হয়, তাহলে কোনো না কোনোভাবে তাঁরাও এই চাল সংগ্রহ করতে পারতেন। গ্রাম পর্যায়ে দ্রুত বিক্রয়কেন্দ্র চালু করতে হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘জেলার বিভিন্ন জায়গায় মানুষজন বিক্রয়কেন্দ্র বাড়ানোর যে দাবি করছেন, সেটি যৌক্তিক। আমরা সেই চেষ্টা করছি। আশা করি দু-একদিনের মধ্যে মন্ত্রণালয় থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।’
জেলা প্রশাসক জানান, সুনামগঞ্জের ফসলহারা মানুষের জন্য শুধু যে খোলাবাজারে কম দামে চাল বিক্রি হচ্ছে, সেটা নয়। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ৪৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বর্তমানে ৯১ হাজার ৯৫০টি পরিবার ১০ টাকা কেজি দরের চাল কিনতে পারে। এটি এ মাসেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুনামগঞ্জে এই কর্মসূচি আগামী বোরো ফসল তোলার আগে পর্যন্ত চালিয়ে যাওয়া এবং সুবিধাভোগী পরিবারের সংখ্যা তিন গুণ করার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে দুই লাখ পরিবার ভিজিএফ পাচ্ছে, সেটিও অব্যাহত থাকবে।
সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের ১৪০টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। অসময়ে কাঁচা ধান তলিয়ে যাওয়ায় কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। অনেক কৃষক এমনিতে ঋণের জালে বন্দী। ফসল না তুলতে পারায় এখন ঘরে খাবার নেই। আগামী একটি বছর কীভাবে পরিবার-পরিজন নিয়ে চলবেন, এই চিন্তায় দিশেহারা তাঁরা।