খোলাবাজারে চাল বিক্রয়কেন্দ্রে ক্রেতার সারি দীর্ঘ হচ্ছে
মৌলভীবাজার পৌর এলাকার খোলাবাজারে চাল বিক্রয় (ওএমএস) কেন্দ্রগুলোর সামনে ক্রেতার সারি প্রতিদিন দীর্ঘ হচ্ছে। শুধু দরিদ্র ও নিম্ন আয়ের লোকজনই না, সীমিত আয়ের সাধারণ মানুষও চালের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু লাইনে দাঁড়িয়েও সবাই চাল পাচ্ছেন না। অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলার প্রতিটি উপজেলায় সাতজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উপজেলা সদরে চারজন এবং উপজেলা সদরের বাইরে বড় হাটবাজারে তিনজন। অন্যদিকে মৌলভীবাজার পৌরসভা এলাকায় নয়জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সারা জেলায় মোট ৫৮ জন ডিলার সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার বাদে পাঁচ দিন এক মেট্রিক টন করে চাল বিক্রি করছেন। একজন ডিলার দিনে পাঁচ কেজি করে সর্বোচ্চ ২০০ জনকে চাল দিতে পারছেন। জানা গেছে, খোলা বাজারের বিক্রয়কেন্দ্রে যে চাল ২৪ টাকায় বিক্রি করা হচ্ছে, বাজারে তার দাম ৪২ থেকে ৪৪ টাকা।শহরের টিসি মার্কেটে গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় গিয়ে দেখা গেছে, বাবুল স্টোরের সামনে দুটি সারিতে শতাধিক মানুষ। চালের ক্রেতা জাহাঙ্গীর মিয়া (৫৫) সকাল আটটায় এসে লাইনে দাঁড়িয়েছেন। আশা করছেন চাল পাবেন। ‘চাউল শেষ অই যায়। ডিলাররা কিতা করতো। তবে খোলা বাজারও চাউল দেওয়ায় আমরার বাক্কা (বেশ) টাকা বাচি যায়। বাজারও অউ চাউল ৪২ টাকা।’ বলছিলেন তিনি। তাঁর পাশেই দাঁড়ানো আশু দেব (৪০) বললেন, ‘লাইন আধখানো গেলেউ শেষ অই যায়। দিন দিন খালি মানুষ বাড়ের।’ লাইনের শেষদিকে দাঁড়িয়েছিলেন আব্দুর রশিদ (৮০)। চাল পাবেন কি না জানেন না। ‘লাইনোতো আছি। আইজ পাইমু কিনা বোঝরামনা।’ বিক্রয় কেন্দ্রে উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক তাছলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিক্রির শুরু থেকে (সকাল নয়টা) থাকি। সাড়ে ১১টার দিকে বিক্রি শেষ হয়ে যায়। চাহিদা প্রচুর। লোক বাড়ছে। প্রতিদিনই কিছু না কিছু লোক ফেরত যায়। প্রায় সব বিক্রয় কেন্দ্রেই এই ভিড় আছে।’পৌনে ১১টায় শহরের শ্রীমঙ্গল সড়কের পেট্রল পাম্প এলাকায় শিবলু এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, এই বিক্রয়কেন্দ্রে দুটি লাইনে প্রায় শতাধিক মানুষ। পেছনের দিকে দাঁড়ানো নাছিমা বেগম (৫০) জানান, লাইনে দাঁড়িয়ে কোনোদিন পান। কোনোদিন পান না। তার পাশে দাঁড়ানো রেহানা বেগম (৫২) বললেন, ‘আমরা ফজরের নামাজের পর আইয়া লাইনো দাঁড়াইছি। কিন্তু পিছর (পিছনের) মানুষ আগে পাইলায়। সামনে থাকি মানুষ কমেরই না।’ এ রকম ক্ষোভ বেশ কজনের। ডিলার আবদুল মতিন এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আশপাশের ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন এসে লাইনে দাঁড়িয়ে পড়ে। শহরের লোকজন চাল পাচ্ছে না। এই কদিন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ ডাকতে হয়েছে। যে চাল পাই, তাতে পোষায় না। সাড়ে ১২টার মধ্যে চাল শেষ। প্রতিদিন শ-দেড়শ লোক ফেরত যায়।’ সেখানে উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অডিটর বলরাম নাথ বলেন, ‘চাল যা আছে। তাই দেওয়া হচ্ছে। এক দিনে এক টনের বেশি বিক্রির সুযোগ নেই। বাজারের সঙ্গে খোলা বাজারের চালের দামের পার্থক্য বেশি হওয়ায় মানুষ ভিড় করছে। এখানে কেজি ২৪ টাকা। বাজারে এই চালই ৪০-৪২ টাকা।’পৌর এলাকার শমশেরনগর সড়কের একটি চাল বিক্রয়কেন্দ্রে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলার দুটি লাইনে ৫০-৬০ জন ক্রেতা দাঁড়িয়ে আছেন। কিন্তু ততক্ষণে চাল বিক্রি প্রায় শেষ পর্যায়ে। আর বড়জোর ১৫-২০ জনের কাছে চাল বিক্রি করা যাবে। বৃদ্ধ জব্বার মিয়া (১০০) লাঠিতে ভর করে কখনো দাঁড়িয়ে, কখনো বসে লাইনে অপেক্ষা করছেন। অনেকে লম্বা লাইন দেখে চাল পাবেন না মনে করে ফিরে গেছেন। লাইনে দাঁড়ানো শাহানা বেগম (২৪) বলেন, ‘আমরা গরিব মানুষ। কাম কাইজ আছে। এসব ফেলে এখানে আইয়া দাঁড়াই। এখন চাইল না পাইলে কেমনে চলবো।’ এ রকম আরও অনেকেই জানালেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে কাজ করেন। বেশিক্ষণ দাঁড়ানো তাঁদের পক্ষে সম্ভব হয় না। এই বিক্রয়কেন্দ্রের ডিলার নাজমুল অ্যান্ড সন্সের মো. বদরুল ইসলাম বলেন, ‘আমরা যতক্ষণ চাল থাকে। বিক্রি করছি। কিন্তু এখন দিন দিন চালের চাহিদা বাড়ছে। প্রতিদিন কম করে হলেও ৪০-৫০ জনকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। চালের বরাদ্দ বাড়ালে এ সমস্যা হবে না।’ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল ওয়াহেদ বলেন, ‘এ পর্যন্ত কোথাও অনিয়মের খবর পাইনি। নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও নিজে উপস্থিত হয়ে অথবা তাঁর প্রতিনিধি দিয়ে চাল বিক্রি পর্যবেক্ষণ করছেন।’