খোলাবাজারে দ্বিতীয় দফায় কয়লা বিক্রির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় খোলাবাজারে কয়লা বিক্রির উদ্যোগ নিয়েছে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ। বর্তমানে জ্বালানি কয়লার সংকট থাকায় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে ওই অঞ্চলের ইটভাটাসহ কয়লা ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোতে স্বস্তি দেখা দিয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, এবার ইটভাটাসহ কয়লাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাছে ৬১ হাজার মেট্রিক টন কয়লা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ জানুয়ারি থেকে কয়লা কেনার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার এ-প্রক্রিয়া শেষ হবে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৫ হাজার আবেদন জমা পড়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামান বলেন, বর্তমানে খনি থেকে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। খনিসংলগ্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের জ্বালানি চাহিদা মিটিয়ে অতিরিক্ত কয়লা বিক্রি হবে। আবেদনকারীদের কাছে ২০০ থেকে ৫০০ মেট্রিক টন পর্যন্ত কয়লা বিক্রি করা হবে।