খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বৃহস্পতিবার থেকে ৪৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
সারা দেশে ১৮৪টি ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ঢাকায় বিক্রি হচ্ছে ৩৫টি ট্রাকে। পেঁয়াজের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে টিসিবি।
টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ কেজি করে পেঁয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা একসঙ্গে চার কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে কোনো কোনো স্থানে একজনের কাছে পাঁচ কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রি করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজ বিক্রির জন্য পরিবেশকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাজার সহনীয় না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
জানা যায়, সরাসরি পদ্ধতিতে দ্রুত পেঁয়াজ আমদানির জন্য ২৭ আগস্ট দরপত্র আহ্বান করে টিসিবি। সে অনুযায়ী, গত বুধবারই ভারত থেকে হিলি বন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ আমদানি হয়। এই পেঁয়াজই বাজারে বিক্রি করা হচ্ছে।
রাজধানীর প্রেসক্লাব, পলাশী, শান্তিনগর, সচিবালয় গেট, জুরাইন, সোবহানবাগ, রায়েরবাজার, মিরপুর-১০, কারওয়ান বাজার, রাজউক ভবনের সামনে, ধূপখোলা বাজারসহ ৩৫টি স্থানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্রি হবে।
হুমায়ুন কবির বলেন, ২ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক দরপত্র এবং ৩ সেপ্টেম্বর আরও দুটি (আন্তর্জাতিক ও দেশীয়) দরপত্র খোলা হবে। দেশীয় দরপত্রের একটি বাক্স সীমান্তবর্তী স্থলবন্দরে রাখা হয়েছে। ৫ সেপ্টেম্বর ওই পেঁয়াজ বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
ডাল-তেল-চিনি বিক্রি: টিসিবির খোলা ট্রাক থেকে পেঁয়াজ ছাড়াও মসুর ডাল, ভোজ্যতেল এবং চিনিও কিনতে পারবেন ক্রেতারা। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ কেজি মসুর ডাল, ৩০০ লিটার ভোজ্যতেল এবং ৫০০ থেকে এক হাজার কেজি চিনি বিক্রি করা হবে।
ক্রেতারা সেখান থেকে প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, ভোজ্যতেল ১২১ টাকা ও চিনি ৪৩ টাকায় কিনতে পারবেন।