খোলাবাজারে বড়পুকুরিয়ার কয়লা বিক্রি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ খোলা বাজারে কয়লা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। আজ রোববার থেকে সীমিত পরিসরে কয়লা বিক্রি শুরু হবে। প্রায় সাত মাস বন্ধ থাকার পর পুনরায় কয়লা বিক্রি শুরু হওয়ার খবরে ইটভাটার মালিকেরা স্বস্তি প্রকাশ করেছেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি সূত্র জানায়, গত ১০ মে ভূগর্ভে পানি ঢুকে পড়ায় ১২০৫ নম্বর খনিমুখ (কোল ফেজ) বন্ধ করে দেওয়া হয়। এতে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পাশাপাশি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইটভাটাসহ কয়লাভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়ে। গত মাসে নতুন ১২১২ নম্বর নতুন খনিমুখ থেকে কয়লা উৎপাদন শুরু হলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে কয়লা সরবরাহ শুরু হয়।
সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন খনি থেকে সাড়ে চার হাজার মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে। ফলে খনি এলাকার কোল ইয়ার্ডে কয়লার মজুত দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টনে। এখান থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার মেট্রিক টন মজুত রেখে বাকি কয়লা খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ১৬ ডিসেম্বর কয়লা বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২১ ডিসেম্বর শেষ দিনে কয়লা ব্যবহারকারী ও সরবরাহকারী ৪ হাজার ৮০০ আবেদন জমা পড়ে। সে অনুযায়ী আবেদনকারীদের চাহিদা প্রায় সাত লাখ মেট্রিক টন। কিন্তু চাহিদার বিপরীতে সমপরিমাণ কয়লা মজুত না থাকায় কর্তৃপক্ষ খনিসংলগ্ন পার্বতীপুর-ফুলবাড়ী ও দিনাজপুর সদর উপজেলাকে অগ্রাধিকার দিয়ে ৫৯৪টি প্রতিষ্ঠানকে কয়লা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুজ্জামান বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের চাহিদা মিটিয়ে অতিরিক্ত কয়লা খোলা বাজারে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে। মজুত বাড়লে আবার কয়লা বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হবে। তিনি বলেন, আপাতত সন্নিবেশিত এলাকার চাহিদাকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এমজিবি ব্রিকসের মালিক মাসুদ রানা বলেন, ‘কয়লার অভাবে আমরা ইটভাটা বন্ধ রেখেছি। আশা করছি, বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ইটভাটার জ্বালানির ক্ষেত্রে কয়লা বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করবে।’