খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রমের দ্বিতীয় দিনেও তেমন সাড়া মেলেনি। বাজারে মোটা চাল প্রতি কেজি ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য অধিদপ্তর একই চাল ২২ টাকা কেজি দরে বিক্রি করলেও গতকাল বৃহস্পতিবার বেশির ভাগ ট্রাকে অর্ধেকের বেশি চাল বিক্রি হয়নি। রাজধানীর বিভিন্ন স্থানে এই চিত্র দেখা গেছে। গতকাল ৩৩টি ট্রাকে ওএমএসের চাল বিক্রি করা হয়। তবে রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় দুপুরের মধ্যেই চাল বিক্রি শেষ হয়ে যায়। মিরপুর বেড়িবাঁধ, বাউনিয়া, ১৪ নম্বর, সিরামিক এলাকা, হাজারীবাগসহ বেশ কিছু এলাকায় মানুষ সারি ধরে চাল কিনে নিয়ে গেছে। আজ শুক্রবার বিশেষ ব্যবস্থাপনায় চাল বিক্রি করা হবে। বেশি চাহিদা রয়েছে এমন এলাকাগুলোতে ট্রাকের সংখ্যা বাড়ানো হবে। মোট ৫০টি ট্রাকে আজ চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। এদিকে রাজধানীসহ চারটি শ্রমঘন এলাকায় এখনো ডিলার নিয়োগ সম্পূর্ণ হয়নি। এসব এলাকায় মোট ২০০ জন ডিলার নিয়োগের কথা থাকলেও গতকাল পর্যন্ত ৭০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ৫০ জন আজ থেকে চাল বিক্রি কার্যক্রম শুরু করবেন। বাকিদের পর্যায়ক্রমে প্রতিদিনই নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা প্রথম আলোকে বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যে সব ডিলার নিয়োগ দেওয়া শেষ হয়ে যাবে। দরিদ্রপ্রধান এলাকাকে গুরুত্ব দিয়ে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। গতকাল রাজধানীর পলাশী এলাকায় অবস্থান করা ট্রাকে চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে দেখা গেছে তেমন একটা ভিড় নেই। পলাশী এলাকায় চাল বিক্রির তদারকির কাজে নিয়োজিত খাদ্য অধিদপ্তরের উপ-সহকারী পরিদর্শক আব্দুর রহীম প্রথম আলোকে বলেন, সারা দিনে তাঁরা ২২ বস্তা, অর্থাত্ এক হাজার ৮৭০ কেজি চাল বিক্রি করেছেন। গত বুধবার প্রথম দিনে মোট ২১০ টন চাল বিক্রি হয়েছে।