খোলাবাজারের চালের দোকানে ভিড় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধগ্রামের দিনমজুর লাল মিয়া (৫৯) ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন শহরে আসেন কাজের জন্য। কোনো দিন কাজ পান, কোনো দিন পান না। যেদিন কাজ পান, সেদিন খোলাবাজারে চাল কিনতে গিয়ে আর পান না। আগেই শেষ হয়ে যায়।শুধু লাল মিয়া নন, এই অবস্থার মুখে পড়তে হচ্ছে কুড়িগ্রামের খোলাবাজারে চাল কিনতে আসা অনেক দরিদ্র মানুষকে। কাকডাকা ভোর থেকে ভিড় জমান তাঁরা। বোঝা যায়, কার্তিক মাসে মঙ্গার প্রভাব পড়েছে কুড়িগ্রামে। আশ্বিন মাসের মাঝামাঝি থেকে এলাকায় কাজ না পেয়ে অনেকে বাধ্য হয়ে জেলার বাইরে চলে যান। গ্রামের কৃষিশ্রমিকেরা শহরে এসে পেশা বদল করে অন্য কাজের চেষ্টা করেও পান না। বাধ্য হয়ে হতদরিদ্র এসব মানুষ ঋণ নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করেন।সদর উপজেলার ভেলাকোপা মরাকাটা গ্রামের পঞ্চাশোর্ধ্ব দসিমন বিবি সকাল ছয়টায় বাড়ি থেকে তিন কিলোমিটার হেঁটে এসেছেন শহরের দাদার মোড় এলাকার ওএমএস ডিলারের দোকানে। তাঁর মতো শতাধিক মানুষ গতকাল বুধবার সকালে দূর-দূরান্ত থেকে এসে দোকানে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় লাইন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল দেওয়ার কথা থাকলেও ১০টা থেকে বেলা ১১টার মধ্যে চাল বিক্রি শেষ হয়ে যায়।গত মঙ্গলবার কুড়িগ্রাম শহরের দাদার মোড়ের একটি দোকানে চাল নিতে এসেছিল পাঁচগাছি নওয়াবশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রফিকুল, দ্বিতীয় শ্রেণীর সিরাজুল, আনন্দ স্কুলের ছাত্র ওয়াদুদ, কদমতলা বিদ্যালয়ের ছাত্র হারুন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাবারা দিনমজুর। সকালে কাজের খোঁজে তাদের বাবারা বের হন আর তাদের চাল নিতে পাঠান এখানে। চাল কিনে কোনো দিন বিদ্যালয়ে যেতে পারে, কোনো দিন পারে না।চালের দোকানের লাইনে বিভিন্ন বয়সের নারীদেরও দেখা যায়। তাদের একজন ভেলাকোপা গ্রামের স্কুলছাত্রী বিউটি বেগম বলে, ‘আজান দেওয়ার সময় আসছি। বসে আছি তাও দোকান খোলে না। তাড়াতাড়ি দিলে স্কুল ধরবার পাই।’ চর কুড়িগ্রামের বৃদ্ধ আকলিমা বেওয়া বলেন, ‘চাইল দেওয়ার সময় মাইনসের ঠেলাঠেলিতে হামরা পাই না। পুলিশ থাকলে সউগ ঠিক হল হয়।’কুড়িগ্রাম শহরের ডিলার আহমদ হোসেন বলেন, সপ্তাহে পাঁচ দিন এক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। এতে ২০০ মানুষ পাঁচ কেজি করে চাল নিতে পারে। ভোর থেকে চালের জন্য দ্বিগুণ মানুষ জড়ো হয়। এখন মানুষের হাতে কাজ নেই। তিনি চালের বরাদ্দ বাড়ানোর দাবি জানান। রাজারহাট উপজেলা খাদ্য কর্মকর্তা নুর মোহম্মদ জানান, কার্তিক মাসে মানুষের হাতে কাজ নেই। খোলাবাজারে প্রতি কেজি চাল ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। ফলে খোলাবাজারে দরিদ্র কর্মহীন মানুষের ভিড় বাড়ছে। জেলা খাদ্য কর্মকর্তা মো. আবদুর ছালাম জানান, চাহিদা বেশি থাকায় বিক্রয়কেন্দ্র বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।