খোলাবাজারের ডিলাররা সবাই আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফেয়ার প্রাইস ও খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির জন্য ইউনিয়ন পর্যায়ে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ৩৪ জনই আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং তাঁদের স্বজন। দলীয় বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, উপজেলার ১৩ ইউনিয়নে ফেয়ার প্রাইসের ২৬ জন ও ৮ ইউনিয়নে ওএমএসের আটজন ডিলার নিয়োগে গত ২৪ ফেব্রুয়ারি আবেদনপত্র আহ্বান করা হয়। নিয়োগ পেতে ১৬৭ জন আবেদন করেন। ৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডিলার নিয়োগ কমিটির সভায় ফেয়ার প্রাইস ও ওএমএসের ৩৪ জন ডিলার নিয়োগ করা হয়।ফেয়ার প্রাইসের ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী দিল আফরোজ বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পার্থ সারথী সরকার, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই ইউনিয়ন যুবলীগের সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আবদুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল সরদারের স্ত্রী রিফা বেগম, ধরণীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোশাররফ হোসেন, হাতিয়া ইউনিয়ন যুবলীগের সম্পাদক আল এনায়েত করিম, বুড়াবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আবদুল লতিফ সরকার, তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজুর ইসলাম, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিমল কুমার সাহা, বেগমগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে এলাহী সিদ্দিকী, পান্ডুল ইউনিয়ন যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান সরকার, পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের স্ত্রী ছালেহা বেগমও আছেন। এ ছাড়া নিয়োগ পাওয়া বাকি ডিলাররা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী বা তাঁদের স্বজন।ওএমএসের ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন, বুড়াবুড়ী ইউনিয়ন যুবলীগের সম্পাদক ইব্রাহিম আলী, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রওশন আলী সরদার, ধরণীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবর আলী, জেলা ছাত্রলীগের সম্পাদক রোকনুজ্জামান, পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামিমা বেগম, উপজেলা সৈনিক লীগের সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জয়নাল আবেদীন।ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদনকারীদের মধ্যে শাহ জামাল, আবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ না করায় তাঁদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল বলেন, ‘ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ পেয়েছি। শুনেছি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আহসান হাবীব যা ভালো মনে করছেন, তাই করছেন।’ নিয়োগ পাওয়া ডিলার জয়নাল আবেদীন দাবি করেন, রাজনীতি নয়, যোগ্যতা বলে তিনি নিয়োগ পেয়েছেন।নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা ইউনুস আলী বলেন, ‘নিয়োগ পাওয়া ব্যক্তিরা দলীয় লোক কি না, তা জানি না।’ নিয়োগ কমিটির অন্য দুই সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘ডিলার নিয়োগ কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং আওয়ামী লীগের অপর দুই নেতা যেভাবে তালিকা দিয়েছেন, আমরা তাতে সমর্থন দিয়েছি।’ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আহসান হাবিব বলেন, ডিলার নিয়োগে কোনো দলীয়করণ হয়নি। দলের লোকজনের যোগ্যতা থাকায় যোগ্য লোকদেরই ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এ ব্যাপারে ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ জানান, নিয়ম মেনেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এতে কোনো দলীয়করণ হয়নি।