
বিদ্যালয় ভবন ভেঙে দেওয়া হয়েছে তিন বছর আগে। তবু থেমে থাকেনি পড়াশোনা। শুকনো মৌসুমে ঘাসে মাদুর বিছিয়ে আর বর্ষায় ইটের রাস্তার ওপর চলে পাঠদান। এটি যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া দক্ষিণ আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঘাসের ওপর কয়েকটি মাদুর বিছানো। জনাত্রিশেক শিশু সেই মাদুরের ওপর বসে লেখাপড়া করছে। শিশু শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে পড়া বুঝিয়ে দিচ্ছেন সহকারী শিক্ষক নাজমা বেগম। আবার একই শ্রেণির আরও কয়েকটি শিশুকে পড়াচ্ছেন সহকারী শিক্ষক শামীমা খাতুন। পাশেই একটি টুলের ওপর বসে প্রথম শ্রেণির ছয় শিক্ষার্থীকে পাঠ বুঝিয়ে দিচ্ছেন প্রধান শিক্ষক শাহানাজ বেগম। পাশে দুটি ব্যাগভর্তি শিক্ষা উপকরণ।
প্রথম শ্রেণির ছাত্রী অয়েশা খাতুন বলে, ‘অন্য স্কুল এখান থেকে অনেক দূর। দূরের স্কুলে যেতে ইচ্ছে করে না। এই স্কুলটা কাছে। লেখাপড়াও ভালো।’
অভিভাবক টুম্পা বেগম বলেন, ‘স্কুলটা বাড়ির কাছেই। তা ছাড়া পড়ালেখাও হয় বাড়ির মতো।’
বিদ্যালয়টির শিক্ষকেরা জানান, এসআর শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের তৎকালীন সভাপতি মোহাম্মাদ আলী শেখের দান করা বিদ্যালয়সংলগ্ন ২৬ শতক জমির ওপর ১৯৯২ সালে শুভরাড়া দক্ষিণ আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে তাঁরা জানতে পারেন, ওই সম্পত্তি অর্পিত। এরপর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পত্তিটি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়। ২০১০ সালের জানুয়ারি মাসে কর্তৃপক্ষ গণসাহায্য সংস্থার স্কুলটির পাশেই আরেকটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলে। পরের বছরের এপ্রিলে বেসরকারি সংস্থার স্কুল ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। বিদ্যালয়টির আসবাব ও শিক্ষার উপকরণ পাশের খাদে ফেলে দেওয়া হয়। ভবন ভাঙার অভিযোগে প্রধান শিক্ষক শাহনাজ বেগম পরদিন যশোর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলাটি এখনো চলছে। এদিকে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের গড়া নতুন স্কুলটি বেশি দিন চলেনি। অল্প দিনের মাথায় সেটি বন্ধ হয়ে যায়।
শাহানাজ বেগম বলেন, বিদ্যালয়টি যখন ভেঙে ফেলা হয়, তখন শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ছিল ১২০ জন। পরে শুধু শিশু শ্রেণি ও প্রথম শ্রেণি রাখা হয়। এখন তিনজন শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে শিশু শ্রেণি ও প্রথম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। আগামী বছর থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খোলা হবে। ইতিমধ্যে ৭০ জন শিশুর নিবন্ধন হয়ে গেছে বলে জানান তিনি।
গণসাহায্য সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী রেজোয়ান ইসলাম বলেন, কাছের প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ বিদ্যালয়টি সবচেয়ে কাছে। এসআর শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বাধার কারণে এর অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না। অবকাঠামো নির্মাণে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেন তিনি।