চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খোলার প্রথম দিনেই গতকাল শুক্রবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ওঠাকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দিনভর এ অবস্থা বিরাজ করছিল। এ সময় উভয় ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে দুই পাশে অবস্থান করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহ আমানত হল সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। আপাতত এই ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওঠা বন্ধ রাখা হয়। তবে অন্য হলগুলোতে যথারীতি শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শাহ আমানত হলে ওঠাকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে কিছুটা সমস্যা দেখা দেয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এ জন্য আপাতত হল সিলগালা করে দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে এলে ছাত্ররা হলে উঠতে পারবে।’ এদিকে, ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাসে প্রায় সাড়ে তিন শ পুলিশ এবং র্যাবের ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাব ক্যাম্পাসে সার্বক্ষণিক টহল দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেন। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বেলা একটার দিকে নিজেদের আসনে ওঠার জন্য হলে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কলিম উদ্দিন ভূঁইয়া এবং প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহসহ প্রক্টরিয়াল বডির সদস্য এবং হলের হাউস টিউটররা অবস্থান নেন। তাঁরা দুই সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হল সিলগালা করার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহজালাল হলের সামনে এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা বিরাজ করে। শাহ আমানত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কলিম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হলের সমস্যা আজ (শুক্রবার) রাতের মধ্যে সমাধান করা সম্ভব হয়নি। কাল (শনিবার) সকালে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’ এ ছাড়া যেসব শিক্ষার্থী হলে উঠতে এসেছেন, তাঁদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ক্লাস ও ক্লাস-পরীক্ষা ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে। ছাত্র-সংঘর্ষের কারণে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। তবে প্রথম দিন ছাত্র হলগুলোতে ৩০-৫০ জন করে ছাত্র উঠলেও ছাত্রী হলগুলোতে অল্পসংখ্যক ছাত্রী উঠেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুল হুদা প্রথম আলোকে জানান, প্রীতিলতা হলে সাতজন ছাত্রী উঠেছে।