খোয়া ফেলে রাখা হয়েছে এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ-বিহার সড়কটি পাকাকরণের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। দুই বছর আগে যখন ওই এলাকার মানুষ জানতে পারে সড়কটির পাকাকরণ শুরু হচ্ছে, তখন তারা যারপরনাই খুশি হয়। কিন্তু কাজ শুরুর কিছুদিন পরই তাদের মুখের হাসি মিলিয়ে গেছে। সড়কটি তাদের জন্য এখন বিপদের কারণ হয়ে দেখা দিয়েছে। ঠিকাদার এক বছরেরও বেশি সময় আগে সড়কে ইটের খোয়া বিছিয়ে ফেলে রেখেছেন। কিন্তু এখনো পিচ ঢালা হয়নি। ফলে এলাকার প্রায় ৫০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে ওই সড়কের এক হাজার ২৫০ মিটার সড়ক পাকাকরণের দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৭২ লাখ টাকার কাজটি পায় মেসার্স জিয়া উদ্দিন এন্টারপ্রাইজ। ওই সড়ক পাকাকরণের পাশাপাশি নালা ও কালভার্ট নির্মাণের কথাও দরপত্রে উল্লেখ ছিল। সংশ্লিষ্ট ঠিকাদার ওই সড়কের বুড়িগঞ্জ এলাকা থেকে কাজ শুরু করেন। ইটের খোয়া আর বালু ফেলে সেগুলো রোলার দিয়ে শক্ত করার পর নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়া ও তহবিল সংকটের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময় এলজিইডি বারবার তাগাদা দিলেও ঠিকাদার কাজে হাত দেননি।গত সোমবার ওই সড়কে গিয়ে দেখা গেছে, ইটের খোয়া ও বালুর কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে সড়কের বিভিন্ন জায়গায় ইটের খোয়া উঠে যাচ্ছে। এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে উপজেলার তিন ইউনিয়নের মানুষ কম সময়ের মধ্যে উপজেলা সদরে আসা-যাওয়া করতে পারে। আগে মাটির সড়কে মানুষজন কষ্ট করে হলেও যাতায়াত করতে পারত। কিন্তু খোয়া ফেলে রাখার পর ওই সড়ক দিয়ে আর চলাচল করা যাচ্ছে না। আগে চলাচলের জন্য রিকশাভ্যান, ভটভটি এমনকি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া যেত। এখন যানবাহনের চলাচল বলতে গেলে বন্ধই হয়ে গেছে। সড়কে দীর্ঘসময় অপেক্ষা করার পর দেখা যায়, রিকশাভ্যান বোঝাই করে আলু নিয়ে বুড়িগঞ্জ হাটে যাচ্ছিলেন বাগিচাপাড়া গ্রামের তৌফিক হাসান (৪০)। তিনি রিকশাভ্যানের পেছনে ঠেলছেন আর চালক ইয়াকুব আলী (৩০) রিকশাভ্যানের সামনের হ্যান্ডেল ধরে হেঁটে হেঁটে টেনে নিয়ে চলছেন। তৌফিক হাসান জানান, এক বছরের বেশি সময় হলো এভাবে খোয়া ফেলে রাখা হয়েছে। গত বর্ষায় বৃষ্টির পানিতে খোয়া উঠে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। বুড়িগঞ্জ ইউপির চেয়ারম্যান আলতাব হোসেন জানান, বিষয়টি তিনি উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। ঠিকাদার জিয়া উদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমার নামে লাইসেন্স হলেও আমি কাজটি করছি না। যত দূর জানি কাজ পাওয়ার পর ফান্ডের অভাব ও পিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।’উপজেলা প্রকৌশলী শামসুল আলম জানান, তহবিল সংকটের কারণে ঠিকাদার কাজ করতে পারছেন না। তবে অচিরেই এ সমস্যা কেটে যাবে। আশা করা যায়, এক মাসের মধ্যে ওই সড়কে কাজ শুরু হবে।