খোয়া ফেলে রাখা হয়েছে পিচ হয়নি তিন বছরেও
দীর্ঘদিন সংস্কার না করায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর উত্তর পারের বাঁধের ১২ কিলোমিটার সড়কের এখন বেহাল দশা। বাঁধের তিন কিলোমিটার সড়কে তিন বছর আগে খোয়া ফেলা হলেও এখন পর্যন্ত তা পিচ করা হয়নি। এর ফলে এলাকার প্রায় ৫০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।আদর্শ সদর উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে একটি প্রকল্পের অধীনে ৬৭ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর (এলজিইডি) ওই ১২ কিলোমিটার সড়কের তিন কিলোমিটার পাকাকরণের দরপত্র আহ্বান করে। কাজটি পায় মেসার্স এএইচ এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানের হয়ে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক ভূঁইয়া ওরফে স্বপন কাজটি শুরু করেন। কিন্তু হঠাত্ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় কাজ আর বেশি দূর এগোয়নি। ফলে ওই এলাকার বাসিন্দাদের ইট ও মেগাডম বসানো সড়কের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বাঁধের ওপর ১২ ফুট প্রস্থের ওই সড়কে দুটি যান একসঙ্গে চলাচল করতে পারে না। সড়কে রয়েছে সহস্রাধিক গর্ত। এর পরও বাঁধের ওপর দিয়ে প্রতিনিয়ত চলছে ট্রাক্টর। ফলে বাঁধও হুমকির মুখে পড়েছে। ওই সড়ক দিয়েই শাহপুর দরবার শরিফে ভক্তকুল ও ভারতীয় সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যাতায়াত করে। সুবর্ণপুর গ্রামের বাসিন্দা সৈয়দ নোয়াব আলী (৮০) বলেন, ‘বিএনপির আমলে কাজটি শুরু হয়ে হঠাত্ বন্ধ হয়ে যায়।’ একই গ্রামের শহীদুর রহমান ভূঁইয়া বলেন, ‘সড়কটির কাজ সম্পন্ন না হওয়ায় আমাদের বড় কষ্ট হচ্ছে।’ সিএনজিচালিত অটোরিকশাচালক ওমর ফারুক বলেন, ‘আমরা নিজেরা দুবার টাকা দিয়ে সড়কের বিভিন্ন খাদ ভরাট করেছি।’ ছাওয়ালপুর গ্রামের তরকারি বিক্রেতা করিম বলেন, ‘প্রতিদিন সাইকেলে করে তরকারি নিয়ে এই সড়ক দিয়ে শহরে কষ্ট করে যেতে হচ্ছে।’ অটোরিকশাচালক মো. আলিম বলেন, ‘শহর থেকে ৫০০ টাকা ভাড়া দিলেও এই সড়ক দিয়ে জীবনে আর আসব না।’ঠিকাদার স্বপন বলেন, ‘আমি সড়কের ৭০ শতাংশ কাজ করেছি। বাকি ছিল কার্পেটিং ও ফিনিশিং। কিন্তু হঠাত্ প্রকল্পটি বন্ধ করে দেওয়ায় বাকি কাজ করা সম্ভব হয়নি। যেটুকু কাজ করেছি, সেটুকুর বিল নিয়েছি।’ পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হাসান বলেন, ‘এই সড়ক মেরামতের বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভায় বেশ কয়েক দফায় তোলা হয়েছে। সেখানে সেটি পাসও হয়েছে। নতুন প্রকল্পও নেওয়া হয়েছে। কিন্তু এখনো কাজ শুরু হয়নি।’আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. আবদুস সাত্তার বলেন, সম্প্রতি গোলাবাড়ি থেকে পালপাড়া সেতু পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য দুই কোটি ৩৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র মূল্যায়নের পর শিগগিরই কাজ শুরু হবে। তখন জনগণের দুর্ভোগ কমবে। একই কথা বলেন কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ।