খোয়া যাওয়া মালামাল দ্রুত উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সম্প্রতি একাধিক মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে খেপিয়ে তুলতে পরিকল্পিতভাবে মন্দিরে চুরির ঘটনা ঘটাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নেতারা খোয়া যাওয়া মালামাল দ্রুত উদ্ধার ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ দাবি জানান। জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি গোপীনাথ দাস। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার ৫৯টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক এম সামছুর রহমান বলেন, মন্দিরে চুরির ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ চুরির ঘটনার সঙ্গে মন্দিরের কমিটির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, মন্দিরের নিরাপত্তা বাড়াতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। মন্দিরের আশপাশে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। গত ২৬ জানুয়ারি রাতে শহরের শীতলক্ষ্যা এলাকায় সত্য নারায়ণ জিউর মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল মন্দিরের স্বর্ণের মূর্তি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে গেছে। এর আগে ২৩ জানুয়ারি রাতে শহরের কালীর বাজার সিরাজউদদৌল্লাহ রোড এলাকার কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সেখান থেকেও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।