খোয়া যাওয়া সাড়ে ৬০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) থেকে খোয়া যাওয়া সাড়ে ৬১ লাখ টাকার মধ্যে সাড়ে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার ভোর রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা গ্রামের রাসেলের বাড়ি থেকে উল্লিখিত পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যাংকের ক্যাশ অফিসার মীর রাশেদুজ্জামান (৩২) ও তাঁর ভাগনে রাসেলকে (৩১) আটক করে পুলিশ।টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, ঈদুল আজহার ছুটিতে ব্যাংকের হিসাবনিকাশ করে সবাই ঈদের ছুটিতে যান। বুধবার ব্যাংক খোলার পর দুপুরে ব্যাংকের ভোল্টে রক্ষিত টাকার মধ্যে সাড়ে ৬১ লাখ টাকার হদিস পাওয়া যায়নি। পরে ব্যাংকের শাখা ব্যবস্থাপক থানায় অবহিত করলে তদন্ত কার্যক্রম শুরু হয়। ওই দিনই সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ফুটেজ দেখে টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পুলিশ কালিহাতী উপজেলার সিংনা গ্রাম থেকে ওই ব্যাংকের ক্যাশ অফিসার মীর রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাতেই সখীপুর উপজেলার বড় চওনা গ্রামে রাশেদুজ্জামানের ভাগনে রাসেলকে আটক করে পুলিশ এবং ওই বাড়ি থেকে রাসেলের আলমারিতে রক্ষিত অবস্থায় ৫৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীকালে অন্য জায়গা থেকে আরও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাশ অফিসার মীর রাশেদুজ্জামানকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের জানান, শেয়ার ব্যবসায় বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ কারণে তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণমুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) টি এম ফারুক চৌধুরী জানান, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া মীর রাশেদুজ্জামান কালিহাতী উপজেলার সিংনা গ্রামের মৃত নুরল হুদার ছেলে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।