খোয়া যাওয়া ১২০০ উত্তরপত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের খোয়া যাওয়া চলতি প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের ১২০০ উত্তরপত্র গত সোমবার রাতে সরাইল থেকে উদ্ধার করা হয়েছে। ওই দিনই উত্তরপত্রগুলো নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে নেওয়ার পথে খোয়া যায়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নাসিরনগর শিক্ষা কার্যালয়ের পিয়ন আবদুল জলিল ও হিসাবরক্ষক শহীদুল ইসলাম চৌধুরী সোমবার দুপুরে বাংলা ও গণিতের উত্তরপত্রের ২৬টি বান্ডিল নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল যাচ্ছিলেন। পথে বাংলার ১২০০ উত্তরপত্রের একটি বান্ডিল খোয়া যায়। খবর পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম ও জেলা প্রাথমিক মনিটরিং কর্মকর্তা (উপবৃত্তি) শেখ মো. রফিকুল ইসলাম নাসিরনগর ছুটে যান। রাত নয়টার দিকে মুঠোফোনে তাঁরা খবর পান, উত্তরপত্রগুলো পরিত্যক্ত অবস্থায় সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড়ে পড়ে আছে। পরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিহা ফেরদৌসীর নেতৃত্বে পুলিশ ওই স্থান থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে। সব উত্তরপত্র অক্ষত রয়েছে বলে সামিহা ফেরদৌসী নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ দুজন অটোরিকশাচালক ও নাসিরনগর উপজেলা শিক্ষা কার্যালয়ের চার কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’