খোয়াই নদী রক্ষায় নাগরিক সমাবেশ
হবিগঞ্জের খোয়াই নদী রক্ষা করা না গেলে শুধু পরিবেশ বির্পযয় নয়, পাশাপাশি ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে। তাই এ নদী উদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল রোববার খোয়াই নদী রক্ষাবিষয়ক এক নাগরিক সমাবেশে বক্তারা এ কথা বলেন। গতকাল রোববার দুপুরে সাইফুর রহমান টাউন হলের সম্মুখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখা আয়োজিত খোয়াই নদী ও পুরোনো খোয়াই রক্ষার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। বাপার হবিগঞ্জ সভাপতি ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিল, আবদুজ জাহের, গকুল চন্দ্র দাশ, মো. জমির আলী, তাহমিনা বেগম গিনি, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ রেদওয়ান, আবদুল করিম, বাদল রায়, সাদত হোসেন, সৈয়দ মুশফিক আহমেদ, নজরুল ইসলাম কবির, পীযূষ চক্রবর্তী, গিয়াস চৌধুরী, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র তমাল প্রমুখ।