খোয়াই নদীর ধ্বংস রোধে সহযোগিতা কামনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোয়াই নদীর উজানে বাঁধ দিয়েছে ভারত। নদীটির বাংলাদেশে প্রবহমান অংশ দখল আর দূষণে ধ্বংসের পথে। এই নদী রক্ষায় দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সরকারের জোরালো ভূমিকা দাবি করেছেন পরিবেশবাদীরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভার কিপার আয়োজিত এক বৈঠকে এই দাবি তোলা হয়। গতকাল রাজধানীর মুক্তি ভবনে ‘খোয়াই নদী রক্ষায় নাগরিক প্রচেষ্টা ও বাস্তব চিত্র’ শীর্ষক এই বৈঠকে মূল বক্তব্য পড়েন বাপার হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ২০ বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যে ‘চাকমা ঘাট ব্যারাজ’ নির্মাণের পর থেকে শুকনো মৌসুমে নদী শুকিয়ে যায়। বর্ষায় প্লাবিত হয় ভাটির জনপদ। হবিগঞ্জ শহরের পাশের পুরাতন খোয়াই এখন শহরের আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দখল হয়ে গেছে নদীর বেশির ভাগ অংশ। এই নদী রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তিনি।