খোয়াই রক্ষায় বাপার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের পুরোনো খোয়াই নদ অবৈধ দখলমুক্ত ও সংরক্ষণের দাবি জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় পরিষদ।বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন স্বাক্ষরিত এই চিঠি গতকাল বৃহস্পতিবার বাপার হবিগঞ্জের নেতারা জেলা প্রশাসক মাহমুদ হাসানের কাছে তাঁর কার্যালয়ে পৌঁছে দেন। চিঠিতে বলা হয়, পুরোনো খোয়াই নদের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। একটি স্বার্থান্বেষী মহল নদটি অব্যাহতভাবে দখল করার কারণে এর শেষ চিহ্ন মুছে যেতে চলেছে। গত ২৪ মার্চ বাপার একটি প্রতিনিধিদল হবিগঞ্জের পুরোনো খোয়াই নদ পরিদর্শন করে হতাশ ও হতবাক হয়। প্রতিনিধিদল লক্ষ করে, দেশের প্রধানমন্ত্রীসহ সচেতন মহল যখন নদী সংরক্ষণে ও পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তখন পুরোনো খোয়াই নদের ওপর এ রকম অনাকাঙ্ক্ষিত অন্যায় চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে নদটি ধ্বংস করা হলে হবিগঞ্জে শুধু পরিবেশ বিপর্যয় নয়, ভয়াবহ মানবিক বিপর্যয়ও নেমে আসবে বলে মনে করে বাপা।চিঠিতে পুরোনো খোয়াই নদের সীমানা চিহ্নিত করা, অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ ও দখলদারদের তালিকা তৈরি করা, পুরোনো খোয়াই নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখলকারীদের দিয়ে ভরাট অংশের মাটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদের পাড়ে ঘাস লাগানো, গাছ রোপণ, মানুষের বসার স্থান নির্মাণ, নদটি রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সমন্বয়ে হবিগঞ্জে নদী রক্ষা মনিটরিং টিম গঠনের দাবি জানানো হয়। এ চিঠি হস্তান্তরকালে জেলা বাপার সভাপতি ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আবদুজ জাহের ও বাপার জাতীয় পরিষদের সদস্য তোফাজ্জল সোহেল উপস্থিত ছিলেন।