খ্রিষ্টান ক্রেডিটের ৫৬তম বার্ষিক সাধারণ সভা
খ্রিষ্টধর্মাবলম্বীদের অর্থনৈতিক সেবা সংগঠন দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার তেজগাঁওয়ের বটমলী হোম অরফানেজ টেকনিক্যাল স্কুলে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে আটক নিরপরাধ ব্যক্তিদের তদন্ত শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। নতুন একটি ইস্যু তৈরির জন্য ঘটনাটি ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি। এ অপরাধের সঙ্গে সরকারদলীয় কেউ জড়িত থাকার প্রমাণ মিলেছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ হলে বলা যাবে, কারা এর সঙ্গে জড়িত। তবে দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে।’
দ্য খ্রিষ্টান ক্রেডিটের সভাপতি মার্কুস গমেজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য রেমন্ড আরেং প্রমুখ।