খ্রিষ্টান পরিবারে হামলার ঘটনায় একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের আরজতপাড়ায় বাসায় ঢুকে খ্রিষ্টান পরিবারের তিন ভাইবোনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার যুবক আল আমিনকে (২৮) গতকাল শনিবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার পুলিশ তেজগাঁওয়ের পাগলারপুল এলাকা থেকে আরজতপাড়ায় একটি খ্রিষ্টান পরিবারের তিন ভাইবোনকে গুলি করে আহত করার মামলায় আল আমিনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত শনিবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখে ওই দিন আল আমিনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। গতকাল আদালত শুনানি শেষে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, তিন ভাইবোনকে কুপিয়ে আহত করার ঘটনায় আল আমিন জড়িত বলে তথ্য পাওয়া যাচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে কারা আছে, কেন হামলা করা হয়েছে, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে নগরের গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন লরেন্স রঞ্জন ডি ক্রুজ ও তাঁর ছোট ভাই আলেক্সান্ডার রাজেশ ডি ক্রুজের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। চিকিৎসকেরা আহত ব্যক্তিদের স্বজনদের বলেছেন, রঞ্জনের সেরে উঠতে বেশি সময় লাগবে। আর রাজেশ মাস খানের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।
৯ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ২৬ আরজতপাড়ায় একটি বাড়ির দোতলায় ঢুকে ওই বাসার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী লরেন্স রঞ্জন ডি ক্রুজ (৩৭), তাঁর ছোট ভাই ব্যাংক কর্মকর্তা আলেক্সান্ডার রাজেশ ডি ক্রুজ (৩৫) ও বড় বোন সুইজারল্যান্ড দূতাবাসের কর্মকর্তা বিপাশা ডি ক্রুজকে (৪৩) গুলি করে ও কুপিয়ে জখম করে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহত বিপাশাকে ওই দিন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।