খ্রিষ্টান পরিবারের ওপর হামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের আরজতপাড়ায় বাসায় ঢুকে খ্রিষ্টান তিন ভাইবোনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তেজগাঁওয়ের পাগলারপুল এলাকা থেকে আল আমিন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা আল আমিন তিন ভাইবোনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে দুই দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
পুলিশ জানায়, খ্রিষ্টান পরিবারের তিনজনকে কোপানোর ঘটনায় ওই এলাকার কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে নগরের গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন লরেন্স রঞ্জন ডি ক্রুজ এবং তাঁর ছোট ভাই আলেক্সজান্ডার রাজেশ ডি ক্রুজের অবস্থার উন্নতি ঘটেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে রঞ্জন ও রাজেশের মা রেখা তেরেসা ডি ক্রুজ প্রথম আলোকে বলেন, হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, রঞ্জন ও রাজেশের অবস্থার উন্নতি হচ্ছে। রঞ্জনের সেরে উঠতে বেশি সময় লাগবে। আর রাজেশ কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।
আহত ব্যক্তিদের খালাতো ভাই নরবাট জে আর গোমেজ প্রথম আলোকে বলেন, তিনি আরজতপাড়ায় একই বাড়ির পাঁচতলায় ভাড়া থাকেন। চিৎকার শুনে তিনি দ্রুত দোতলায় ছুটে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁর তিন খালাতো ভাইবোনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি মনে করেন, সংখ্যালঘু হিসেবে ভয় দেখাতেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। অবশ্য পুলিশ ঘটনাটি দস্যুতা বলেই মনে করছে। চিৎকারের কারণে তাঁরা কোনো মালামাল নিতে পারেনি।
৯ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ২৬ আরজতপাড়ায় একটি বাড়ির দোতলায় ঢুকে ওই বাসার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী লরেন্স রঞ্জন ডি ক্রুজ (৩৭), তাঁর ছোট ভাই ব্যাংক কর্মকর্তা আলেক্সজান্ডার রাজেশ ডি ক্রুজ (৩৫) ও বড় বোন সুইজারল্যান্ড দূতাবাসের কর্মকর্তা বিপাশা ডি ক্রুজকে (৪৩) গুলি করে ও কুপিয়ে জখম করে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত বিপাশাকে ওই দিন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।