খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় সব ধর্মবিশ্বাসের লোকজন তাঁদের নিজেদের উৎসবগুলো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করছেন।
শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের পর আমরা সব ক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে দমন করায় এই শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।’
প্রধানমন্ত্রী গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের (বিসিএ) সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, খ্রিষ্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী এবং বিসিএর মহাসচিব নির্মল রোজারিও।
পরে প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে বড়দিনের একটি কেক কাটেন। অনুষ্ঠানের শুরুতে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে যিশুখ্রিষ্টের আশীর্বাদ কামনা করে একটি বিশেষ প্রার্থনা করা হয়।