খ্রিষ্টান সম্প্রদায়ের সম্মানে রাষ্ট্রপতির সংবর্ধনা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষ অনাদিকাল থেকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। এ জন্য এই ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। খবর বাসসের। গতকাল বুধবার সকালে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশেদা খানম উপস্থিত ছিলেন।
আবদুল হামিদ বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে খ্রিষ্টান সম্প্রদায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষা ও সামাজিক অগ্রগতিতেও তাদের অবদান প্রশংসনীয়। বাংলাদেশের আর্চবিশপ, বিদেশি কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধি ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা সংবর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতি বড়দিনের কেক কাটেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেল ও ধর্মবিষয়ক মন্ত্রী মুজিবুল হক এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন উপস্থিত ছিলেন।