বরিশাল নগরে গির্জার দুই একর ৫৩ শতাংশ সম্পত্তি রক্ষার দাবিতে বিক্ষুব্ধ খ্রিষ্টধর্মাবলম্বীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন। তাঁদের এ কর্মসূচির সঙ্গে নগরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত নগরের অশ্বিনীকুমার হলে প্রতীকী অনশন করেন বরিশাল ব্যাপ্টিস্ট মিশন সোসাইটির তিন শতাধিক নারী-পুরুষ। সকাল সাড়ে নয়টায় নগরের উইলিয়ামপাড়ায় গির্জা এলাকায় গিয়ে সহযোগিতা ও একাত্মতা প্রকাশ করেন মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান ওরফে সরোয়ার। তিনি সংখ্যালঘু পরিবারের সদস্যদের সম্পত্তি যাতে বেদখল না হয় সেজন্য সরকারের কাছে আহ্বান জানান। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত খ্রিষ্টানদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন। একইভাবে আওয়ামী লীগ বরিশাল জেলার দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস খ্রিষ্টানদের সম্পত্তি রক্ষায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি তাঁদের সমস্যা সমাধানে এবং আইনি সব ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। প্রতীকী অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি স্বপন কুমার দত্ত, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আনিছ উদ্দিন আহমেঞ্চদ, গণফোরামের জেলা আহ্বায়ক হিরণ কুমার দাস, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি নিপু অধিকারী, মেরি জনসন, শোভা বালা প্রমুখ। বেলা তিনটায় পানি পান করিয়ে অনশন ভাঙান জেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিফা সাইদুর রহমান ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল।