খড় বিক্রি করেই উঠছে উৎপাদন খরচ!
গরু-ছাগলের বিচরণক্ষেত্র কমে যাওয়া এবং ঘাসের জন্ম রোধের কারণে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এখন গো-খাদ্য হিসেবে কাঁচা খড়ের চাহিদা অনেক। এ কারণে আগাম জাতের আমন ধান কেটে কৃষকেরা দ্রুত ধান ছাড়িয়ে কাঁচা খড় বাজারে বিক্রি করে দিচ্ছেন। খড় বিক্রি করেই আবাদের বেশির ভাগ খরচ ওঠাতে পারছেন কৃষকেরা। ওই দুই উপজেলায় এবার প্রায় সাত হাজার হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান লাগানো হয় বলে কৃষি বিভাগ জানায়। গত বছর এই ধানের চাষ হয়েছিল প্রায় চার হাজার হেক্টরে।স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগেও আশ্বিন-কার্তিক মাসে কৃষকের ঘরে অভাব ছিল। কারণ, এ সময় ঘরে ধান উঠত না। কৃষি বিভাগের পরামর্শে ওই দুই উপজেলার কৃষকেরা গত দুই বছর আশ্বিন-কার্তিক মাসে আগাম ঘরে ওঠে, এমন জাতের আমন ধান চাষ করে অভাব তাড়িয়েছেন। কিন্তু এখন আগের মতো বিস্তীর্ণ মাঠ ফাঁকা নেই। এ কারণে দেখা দিয়েছে ঘাসসংকট। মাঠে ফসল লাগানোর আগেই এখন একধরনের কীটনাশক দিয়ে আগাছা বা ঘাসের জন্ম প্রতিরোধ করা হয়।আমন ধান কৃষকের ঘরে ওঠা শুরু হবে আরও ১৫-২০ দিন পর। তাই এলাকায় গো-খাদ্য হিসেবে এ সময়ে খড়সহ ঘাসের অভাব দেখা দিয়েছে। আর আগাম আমন ধান তোলা এখন শুরু হয়ে গেছে। আগাম জাতের ধান চাষ করে কৃষকেরা অভাব তাড়ানোর পাশাপাশি গরু-ছাগলের ঘাসের চাহিদাও পূরণ করছেন।বদরগঞ্জের আমরুলবাড়ী তুফানুপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৪৫) বলেন, ‘ধান বাজারোত নিয়া গেইলে কিনার লোক পাওয়া যায় না। বসি থাকপার নাগে। আর এই ধানের কাঁচা আঁটি নিয়া যাইতে যাইতে বেচা হয়। একটা ছোট আঁটি বেচা হয় দুই থাকি আড়াই টাকায়।’তারাগঞ্জের রহিমাপুর গ্রামের কৃষক সাইদুজ্জামান (৫৫) জানান, তিনি ৬০ শতক জমিতে এবার বিনা-৭ জাতের আগাম ধানের চাষ করে ধান পেয়েছেন ৩৫ মণ। আঁটি পেয়েছেন প্রায় দুই হাজার ৫০০টি। এই কাঁচা আঁটি বাড়ি থেকে পাইকারি বিক্রি করে পেয়েছেন পাঁচ হাজার টাকা। আবাদে তাঁর খরচ হয়েছে প্রায় ছয় হাজার টাকা। তিনি বলেন, বাজারে ধানের চেয়ে কাঁচা খড়ের চাহিদা অনেক বেশি।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আগাম জাতের বিনা ৭, ২৯ ও হাইব্রিড ধান লাগানো হয় জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টজুড়ে। লাগানোর ১২০ দিনের মধ্যে এই ধান কাটা যায়। আর মূল আমন ধান উঠতে সময় লাগে ১৫৫ দিন।তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র বলেন, আগাম জাতের ওই ধানের চাষ করে ধান ছাড়িয়ে কাঁচা খড়ের আঁটি বিক্রি করেও কৃষকেরা অনেক লাভবান হচ্ছেন। বলা যায়, কাঁচা খড়ের আঁটি বিক্রি করেই কৃষকের আবাদ খরচ উঠছে।বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এ সময় ঘাসের সংকট থাকে। আমন উঠতে আরও সময় লাগবে। তাই গো-খাদ্য হিসেবে আগাম জাতের ওই ধানের কাঁচা আঁটির চাহিদা বেড়েছে।