খড়িয়াকাজিরচর ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত মডেল ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার লংগরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম এ ঘোষণা দেন।
খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউপির চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও খালেদা নাছরিন, জেলা পরিষদের সদস্য এম এ খালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুণা রায় প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই উচ্চশিক্ষাসহ সমাজের প্রতিক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে নারীর অগ্রযাত্রাকে নিষ্কণ্টক করার জন্য বাল্যবিবাহ দূরীকরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্কুল পর্যায়ে বিনা বেতনে ছাত্রীদের লেখাপড়া, উপবৃত্তি ও অন্যান্য সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। তিনি খড়িয়াকাজিরচর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) অর্থায়নে ইউনিয়নটির ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়গুলোয় ‘দুপুরের খাবার’ কর্মসূচি চালুকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ৮০০ টিফিন বক্স বিতরণ করেন।