খড়ের বিকল্প হবে পুষ্টিসমৃদ্ধ প্রক্রিয়াজাত চালের কুঁড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রক্রিয়াজাত চালের কুঁড়া নিয়ে আন্তর্জাতিক সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই। ছবি: শাহীদুজ্জামান সাগর
প্রক্রিয়াজাত চালের কুঁড়া নিয়ে আন্তর্জাতিক সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই। ছবি: শাহীদুজ্জামান সাগর

গবাদিপশুর খাদ্য হিসেবে কাঁচা ঘাস, খড় ও চালের কুঁড়ার প্রচলন অনেক আগে থেকেই। পতিত জমি ও উন্নত ধানের জাত চাষে ঘাস ও খড়ের উৎপাদন কমছে। আবার খড় ও চালের কুঁড়ার পুষ্টিমান তুলনামূলক অনেক কম। কিন্তু গাঁজন প্রক্রিয়ায় (ফার্মেন্টেশন) চালের কুঁড়াকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অধিক পুষ্টিসমৃদ্ধ চালের কুঁড়া তৈরি সম্ভব।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুই দিনব্যাপী আন্তর্জাতিক এক সেমিনারে প্রক্রিয়াজাত চালের কুঁড়া উদ্ভাবন প্রযুক্তি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক খান মো. সাইফুল ইসলাম। এ সময় প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে উদ্ভাবিত প্রক্রিয়াজাত পুষ্টিসমৃদ্ধ চালের কুঁড়া খড়ের বিকল্প হিসেবে ব্যাপক সাড়া দেবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১০টায় পশুখাদ্য হিসেবে প্রক্রিয়াজাত চালের কুঁড়া শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবেক ইউজিসি অধ্যাপক এস এস বুলবুল, বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক নুরুল ইসলাম এবং জার্মানির ওয়েনহেম ইউনিভার্সিটির অধ্যাপক মিশেল গ্রাসন এবং অধ্যাপক উটা ডিখফার উপস্থিত ছিলেন। সেমিনারে বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে চারটি টেকনিক্যাল সেশনে মোট ২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।