খয়রা বিলে জেলে হত্যার ঘটনায় মামলা
রাজশাহীর বাগমারায় বিরোধপূর্ণ খয়রা বিলের দখলদারদের গুলিতে আশরাফুল ইসলাম নামের এক জেলে নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। আশরাফুলের বাবা আবেদ আলী গতকাল শুক্রবার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধাকে প্রধান আসামি করে বাগমারা থানায় মামলাটি করেন।
গতকাল বিকেলে এলাকাবাসী আশরাফুল হত্যার ঘটনায় প্রতিবাদ সভা করে আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ ও তাঁদের সহযোগীদের বিচার দাবি করেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। গতকাল দুপুরে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জলকপাট খুলে দিয়ে বিলটি উন্মুক্ত করেন। এর আগে গত সেপ্টেম্বরে রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরের সহকারী কমিশনার বিলটি উন্মুক্ত ঘোষণার জন্য রাজশাহীর পুলিশ সুপার ও বাগমারা থানার ওসি নির্দেশ দেন। তবে পুলিশ অজ্ঞাত কারণে ওই নির্দেশ পালন করেনি। গত বৃহস্পতিবার খয়রা বিলে এক জেলে খুন হওয়ার পর সেই নির্দেশ পালন করা হলো।
বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, বিভিন্ন সমস্যা থাকায় এত দিন বিল উন্মুক্ত করা যায়নি।
বৃহস্পতিবার বিকেলে খয়রা বিলের দখলদার আওয়ামী লীগের নেতা মকবুল হোসেনের পক্ষের ১০-১২ জন সশস্ত্র লোক জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আশরাফুল গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘এবার বাগমারার খয়রা বিলে গুলি করে জেলে খুন’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছে।