খয়রার বিলে মাছ ধরা নিয়ে ফের হামলা
রাজশাহীর বাগমারার খয়রার বিলে ১৪৪ ধারা ভেঙে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে জেলে ও দখলদারদের মধ্যে আবারও হামলা-পাল্টাহামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার এসব ঘটনা ঘটে।
পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল উদ্দিন (৩০) ও শামীম আহমেদ (৩৫) নামের দুই জেলেকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ওই বিলে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে প্রথম দফায় জেলে ও দখলদারদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন। এ ঘটনার পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলা প্রশাসন ওই বিলে ১৪৪ ধারা জারি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ১৪৪ ধারা ভেঙে দখলদারেরা একটি ইঞ্জিলচালিত নৌকা নিয়ে বিলে টহল দিতে শুরু করেন। সকাল নয়টার দিকে নৌকা নিয়ে খয়রা গ্রামের দিকে আসতে থাকলে স্থানীয় জেলেরা তাঁদের ধাওয়া দেন এবং ইটপাটকেল ছোড়েন। এতে বোরহান উদ্দিন নামের এক টহলদার আহত হন। পরে দখলদার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রইচ উদ্দিনের নেতৃত্বে অর্ধশত লোক জেলেদের ধাওয়া করেন। এরপর তাঁরা খোরশেদ আলম ও তাহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহাবের বাড়ি ভাঙচুর করেন।
রইচ উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। অপর দখলদার দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী অভিযোগ করেছেন, তাঁদের পাহারাদারের ওপর জেলেরা হামলা চালিয়েছেন।