ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা এ বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে গতকাল ‘গ’ ইউনিট পুনঃ ভর্তি পরীক্ষা কমিটির একটি সভা হয় সহ-উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে। সভায় ‘গ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষার ফলাফল সম্বন্ধে আলোচনা হয়। এরপরই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘গ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষার ফলাফল সম্বন্ধে কয়েক দিন ধরে পত্রপত্রিকায় বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক গঠিত পরীক্ষা কমিটি গত ২০ ডিসেম্বর ২০১১ প্রায় ৩৮ হাজার শিক্ষার্থীর এই পুনঃ ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করে। পরীক্ষা অনুষ্ঠানের দুই দিন পর ২২ ডিসেম্বর ফলাফল প্রকাশিত হয় এবং ৩০ ডিসেম্বরের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তাদের বিষয় পছন্দ ওয়েবসাইটে জানাতে বলা হয়। ফল প্রকাশের ছয় দিন পর তথাকথিত বিশেষজ্ঞদের বরাত দিয়ে এই ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্রে একাধিক ভুল রয়েছে বলে পত্রপত্রিকায় সংবাদ ছাপা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, টাইপ ও মুদ্রণ-বিভ্রাটের কারণে হিসাববিজ্ঞান ও ব্যবসায় নীতির প্রশ্নপত্রে দু-একটি বিচ্যুতি রয়ে যায় এবং উত্তরপত্র মূল্যায়নের আগেই পরীক্ষা কমিটির কাছে তা ধরা পড়ে। ফলে এ ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ সব শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল প্রশ্নপত্রে ৮-১০টি ভুল রয়েছে বলে প্রচারণা চালায়। এটি খুবই অনভিপ্রেত ও দুঃখজনক।