গ ইউনিটের প্রশ্নে আবারও ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেও ভুল ধরা পড়েছে। প্রশ্নের হিসাববিজ্ঞান ও ব্যবসায় নীতি অংশে ১০টি প্রশ্নে ভুল থাকার বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের দুই শিক্ষক উপাচার্যকে জানিয়েছিলেন। তবে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, দুটি প্রশ্নে ভুল ধরা পড়ায় এর নম্বর সব পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে।২০ ডিসেম্বর পুনরায় ভর্তি পরীক্ষা হয়। সূত্র জানায়, পরীক্ষার পর ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবউদ্দিন আহমেদ ও সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান প্রশ্নের হিসাববিজ্ঞান অংশে (সেট ১ অনুযায়ী) ২, ৩, ৭, ১০, ১৩, ১৯, ২০ ও ২২ নম্বর প্রশ্নে এবং ব্যবসায় নীতি অংশে ৮ ও ২২ নম্বর প্রশ্নে ভুল হয়েছে বলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে জানান। তাঁরা জানান, এর মধ্যে হিসাববিজ্ঞান অংশে ৩ নম্বর প্রশ্নের উত্তরে ভুল, ১৩ নম্বর প্রশ্ন ভুল, ৭ ও ২০ নম্বর প্রশ্নে একাধিক সঠিক উত্তর, ১০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেই, ১৯ নম্বরের কাঠামোয় ভুল এবং ২২ নম্বরটি অস্পষ্ট। ব্যবসায় নীতি অংশের ওই দুটি প্রশ্ন অস্পষ্ট।এ বিষয়ে জানতে চাইলে মজিবউদ্দিন আহমেদ ও মিজানুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।উপাচার্য গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, দুজন শিক্ষক কিছু ভুল আছে বলে জানিয়েছিলেন। তবে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন মূল্যায়ন করে এর সত্যতা পাননি বলে জানিয়েছেন।গ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সরোজ কুমার সাহা এ বিষয়ে বলেন, প্রশ্নপত্রে মনস্তাত্ত্বিক ও অনুবাদে কিছু ভুল ছিল। তবে তা ঠিক করে ফল প্রকাশ করা হয়েছে। কোন কোন প্রশ্নে ভুল ছিল—জানতে চাইলে তিনি ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী সহ-উপাচার্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।সহ-উপাচার্য হারুন-অর-রশিদ দুটি প্রশ্নে ভুল থাকার কথা স্বীকার করে বলেন, একটি প্রশ্নের (৩ নম্বর প্রশ্ন) সঠিক উত্তর ছিল না এবং অন্যটির (১৩ নম্বর প্রশ্ন) মূদ্রণজনিত ভুল ছিল। এ দুটি প্রশ্নের নম্বর সব শিক্ষার্থীকে দিয়েই উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। কিছু শিক্ষক পুনরায় ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে প্রশ্নের অহেতুক ভুল ধরছেন।২৮ অক্টোবর ‘গ’ ইউনিটে প্রথম ভর্তি পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়।