গ ইউনিটের ফলে ভুল, পুনর্মূল্যায়িত ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল নিয়ে বিতর্ক হচ্ছে। গত সোমবার প্রথম এই ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূল্যায়নে ভুল হয়েছে এমন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার খুব সকালে কর্তৃপক্ষ পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করেছে।‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে পাস করা শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। প্রথম প্রকাশিত ফলাফলে দুই হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তবে পুনর্মূল্যায়িত ফলাফলে ছয় হাজার ৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।গত সোমবার ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামে (‘গ’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরপরই অনেক শিক্ষার্থী প্রকাশিত ফলে ভুল আছে বলে দাবি করেন। বিষয়টি সোমবার দুপুরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে সাংবাদিকদের জানান। সাংবাদিকেরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে ফল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। প্রথমবার ভালো ফল করা অনেক শিক্ষার্থীই মেধা তালিকা থেকে ছিটকে পড়েছেন। আর এ নিয়ে বিক্ষুব্ধ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী জামাল উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা কমিটি উত্তরপত্রের মোট ১২টি উত্তরে অসংগতি পায়। এর মধ্যে ছয়টি প্রশ্নে সঠিক উত্তরই ছিল না। আর বাকি ছয়টি প্রশ্নের মূল্যায়ন হয় ভুল উত্তর দিয়ে। সঠিক উত্তর না থাকা ছয়টি প্রশ্নের পূর্ণ নম্বর সব পরীক্ষার্থীকেই দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী আবারও তাঁর ফল পুনর্মূল্যায়ন করতে চাইলে আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বিনা মূল্যে তা করে দেবে।