
রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা আর ফরিদপুর হয়ে ঢাকা এবং আবার চট্টগ্রাম হয়ে ঢাকা ফেরত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে আমি এই ছয়টি গণিত উৎসবের জন্য রওনা দিই রাজশাহীর উদ্দেশে! ঠিক একই সময়ে আরেকটি গাড়ি রওনা হয়েছে বগুড়া, রংপুর, দিনাজপুর হয়ে সিরাজগঞ্জের পথে। আরেকটি সিলেট, মৌলভীবাজার হয়ে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক, গণিতের গাড়ি! উৎসবের গাড়ি!!!
২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় জাফর ইকবাল স্যার আর কায়কোবাদ স্যারের পরিচালনায় নিউরনে অনুরণন শুরু হয়। সেখানে কোনো কোনো সংখ্যায় পাতা সাজাতে গিয়ে কিছু বাড়তি খালি জায়গা পাওয়া যেত। সেখানে আমি আমার নানা ইচ্ছের কথা লিখে দিতাম। তার একটি ছিল গণিতের গাড়ির ধারণা। মনে হয় ১০০টি সমস্যা ছাপানোর পরে কোেনা একদিন লিখেছিলাম আমাদের থাকবে একটি গাড়ি, এক শহর থেকে আরেক শহরে ছুটে যাবে গণিত জয়ের বার্তা নিয়ে। আহ্বান জানাবে ‘গণিত শেখার, স্বপ্ন দেখার’। আমার স্বপ্ন খুব দ্রুতই ডানা মেলতে থাকে।

২০০৪ সালে দেশের ৬টি বিভাগীয় শহরে আমরা প্রথম গণিত উৎসব করি ঢাকার বাইরে। তখন থেকেই মাইক্রোবাসে গণিতের এই ছুটোছুটি। আগে এক গাড়িতেই আমরা সবাই থাকতাম। মানে, জাফর স্যার, কায়কোবাদ স্যার, খোদাদাদ খান স্যার, লুৎফুজ্জামান স্যার প্রমুখ। গাড়ি মাতিয়ে রাখতেন আমাদের গৌরাঙ্গ স্যার। সেবার ঘোর বর্ষার রাতে বরিশাল থেকে ফেরার পথে আমাদের গাড়ি পড়েছিল পথ-ডাকাতদের পাল্লায়। টের পেয়ে গাড়ির ড্রাইভার ব্যাক গিয়ারে কিলোমিটার খানেক চালিয়ে থানার সামনে এনে গাড়ি রেখে দেয়। আর একবার ফরিদপুর থেকে রাত দুইটায় ঢাকায় ফেরার সময় কুয়াশার খপ্পরে পড়েছিলাম। এখন আর এক গাড়িতে হয় না। আগে আমরা বছরে আঞ্চলিক উৎসব করতাম ১০টা। এখন প্রথম পাঁচ দিনেই হয় যায় ৯টা! রাজশাহী যাওয়ার পথে গাড়িতে বসে বসে এসবই ভাবছিলাম। আমাদের যাত্রার চূড়ান্ত গন্তব্য হয় আঞ্চলিক ভেন্যুতে। রাজশাহীর ভেন্যুতে গিয়ে আমরা পেঁৗছাই সন্ধ্যারাতে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা আমাদের ফুল দিয়ে স্বাগত জানায়। তারপর জানা হয় প্রস্তুতির সব বিষয় নিয়ে। শুরু হয় পরের দিনের অপেক্ষা।
উৎসব সবার

প্রতিবছরই এখন উৎসবে হাজিরার সংখ্যা বাড়ছে। আগে একটি–দুটি ভেন্যুতে ৯০ শতাংশের বেশি নিবন্ধিত শিক্ষার্থী উপস্থিত থাকত। এখন প্রায় সবগুলোতেই হাজিরা থাকে এমনই। এবার তো খুলনা উৎসবে প্রায় ৯৭ শতাংশ শিক্ষার্থী উপিস্থিত ছিল। এর অন্যতম কারণ হলো উৎসবের জনপ্রিয়তা। বেশির ভাগ অঞ্চলেই দুই–তিন দিনের মধ্যে নির্ধারিত আসন পূর্ণ হয়ে যায়। তারপর থেকে শুরু হয়ে মন খারাপ করে ফিরিয়ে দেওয়ার পালা। আমি প্রায় সব উৎসবে এমন শিক্ষার্থী আর অভিভাবকের সম্মুখীন হয়েছি যাদের দাবি ছিল কেন আসনসংখ্যা

বাড়ানো হয় না। আমরা আমাদের অপারগতার কথা জানাই, বলি সাধ আর সাধ্যের মধ্যে ফারাকের কথা। মহেষপুর থেকে যশোর উৎসবে এক বাসভর্তি শিক্ষার্থীদের অভিভাবকেরা জানালেন তাঁদের উপজেলায় কেন আমরা আয়োজন করি না। নাটোর থেকে আসা একদল ছেলেমেয়ে আমাকে ঘিরে ধরে বলল—তাদের জেলায় যেন একটা গণিত ক্লাব করা হয়। আমরা বলেছি, এই উৎসব তো সবার। যে কেউ চাইলেই তার এলাকায় এই উৎসব করতে পারে। আমাদের পক্ষে সব জায়গায় আয়োজন করা সম্ভব না। কিন্তু অন্যরা আয়োজন করলে তার প্রশ্ন করে দেওয়া, কোনো ক্যাম্পের আয়োজন করলে সেখানে একাডেমিক দলের সদস্যদের পাঠানো এই সবই আমরা মনের আনন্দে করি। আমাদের স্বেচ্ছাসেবক আর একাডেমিক দলের সদস্যরা স্বেচ্ছাব্রতেই এই কাজ করেন। তাঁদের কেবল ভালো-মন্দ কিছু খাওয়ালেই তারা খুশি!
আমাদের উৎসব শুরু হয় শীতকালে। তবে শীতের সকাল কাউকে কাবু করতে পারে না। কোনো কোনো জায়গায় ভোর পাঁচটায় উঠে রওনা দিয়ে সকাল নয়টায় এসে উৎসবে পৌঁছাতে হয়। তবে তা নিয়ে কারও কোনো বক্তব্য নেই। বাস থেকে নেমেই তারা উৎসবে শামিল হয়ে যায়। যেন পাশেই তাদের বাড়ি! এই ছয় উৎসবের মধ্যে কুষ্টিয়াতেই ছিল সবচেয়ে বেশি ঠান্ডা। তবে তাতে হাজির শতাংশে তেমন একটা হেরফের হয়নি।
নতুন ছকের পরীক্ষা, নতুন নতুন প্রশ্ন
এ বছর থেকে অলিম্পিয়াডের মূল পর্বে পরিবর্তন করা হয়েছে। এখন সমস্যা থাকছে আটটা। সময় ওই সোয়া এক ঘণ্টা। প্রকৌশলী তুষার চক্রবর্তীর নেতৃত্বে যারা প্রশ্ন করে তারা প্রতিবছরই শুরুতে খুব ভাব নিয়ে থাকে যে, এমন প্রশ্ন করেছে যে কেউ আটে আট পাবে না। তবে দেখা গেছে ওই ধারণা টিকে না।
প্রতি ভেনু্যতেই কাউকে না কাউকে পাওয়া যায় যে িকনা প্রশ্নকর্তাদের পাত্তা দেয় না! গত ১৪ বছরে আমাদের পরীক্ষার প্রশ্নের অনেক গুণগত পরিবর্তন হয়েছে যার সবই ভালোর দিকে। গণিত অলিম্পিয়াডের নিয়মানুসারে আমরা কখনোই প্রশ্নের পুনরাবৃত্তি করি না। শুরুর দিকে প্রশ্নোত্তর পবের্র প্রশ্নগুলো থাকত এ রকম। অনেকটা—গণিত কে আবিষ্কার করেছেন, শূন্য জোড় না বিজোড়, গণিতের প্রয়োজনীয়তাটাই বা কী? এখন এ রকম প্রশ্ন আর কেউ করে না।
প্রতিবছরই প্রশ্নের মান অনেক অনকে উন্নত হচ্ছে। খুদে গণিতবিদেরা এখন বইয়ের বাইরে থেকে প্রশ্ন করছে, তাদের চারপাশ থেকে প্রশ্ন বের করছে। এই ছয় উৎসবের সেরা প্রশ্নটি করেছে চট্টগ্রামের এক শিক্ষার্থী—শূন্য দিয়ে কোনো সংখ্যা আমরা শুরু করি না, তাহলে মোবাইল নম্বর কেন শূন্য দিয়ে শুরু হয়?
প্রশ্নের জবাব দিতে গিয়ে আমাকে আমার প্রকৌশলবিদ্যায় ফেরত যেতে হয়েছে কিন্তু আমি চমৎকৃত হয়েছি তার পর্যবেক্ষণের শক্তি দেখে। ঠিক এমনটাই তো আমরা চেয়েছি।
আরেক জায়গায় একজন জানাল সে দেখেছে—সে যখনই নিচে নামার জন্য লিফটের সামনে আসে তখন দেখে লিফট ওপরে যাচ্ছে আর যখনই সে ওঠার জন্য আসে তখন দেখে লিফট নিচের দিকে যায়। এর কোনো কারণ আছে িক না? এভাবে গণিতের বেড়াজাল ডিঙিয়ে আমাদের শিক্ষার্থীরা হাজির হয় মহাকাশে, খুঁজে বেড়ায় বিশ্ব চরাচরে প্রাণের স্পন্দন। তাদের ভাবায় রোবটের বিকাশ। টার্মিনেটরের রোবট সত্যি হয়ে যাব না তো? শিক্ষার্থীদের নানা প্রশ্নে মঞ্চের শিক্ষকদের অনেক সময় হাল ছেড়ে দিয়ে ঘোষণা করতে হয়—আমরা কেউ তোমার প্রশ্নের জবাব জানি না!
সবার উৎসব
বেলা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করার একটা পালা থাকে। যেকোনো প্রতিযোগিতায় যারা বিজয়ী হয় না তাদের মন খারাপ হয়। কিন্তু এই উৎসবে হয় না। যারা বিজয়ী হয় না তারাও আনন্দে মেতে ওঠে। কারণ তারা জানে এটি কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি উৎসব। আর উৎসবের জয় সবার।
গণিত জয়ের আনন্দ নিয়েই তারা বাড়ি ফিরে।
একনজরে
অঞ্চল: ফরিদপুর
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ২
শিক্ষার্থীর সংখ্যা: ৪৬৪
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ২৩
বিজয়ীর সংখ্যা: ৪০
অঞ্চল: যশোর
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৩
শিক্ষার্থীর সংখ্যা: ৭০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৪৪
বিজয়ীর সংখ্যা: ৫০
অঞ্চল: খুলনা
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৪
শিক্ষার্থীর সংখ্যা: ৭৩২
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৯৩
বিজয়ীর সংখ্যা: ৫০
অঞ্চল: কুষ্টিয়া
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৫
শিক্ষার্থীর সংখ্যা: ৮১৪
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৫৪
বিজয়ীর সংখ্যা: ৫৯
অঞ্চল: রাজশাহী
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৪
শিক্ষার্থীর সংখ্যা: ৯৭২
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৬৬
বিজয়ীর সংখ্যা: ৬০
অঞ্চল: চট্টগ্রাম
অন্তর্ভুক্ত জেলা: ১
শিক্ষার্থীর সংখ্যা: ১৪৩৪
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৮৭
বিজয়ীর সংখ্যা: ১২৩
ছবি তুলেছেন: আলীমুজ্জামান, এহসান–উদ দৌলা, সৌরভ দাশ ও শহিদুল ইসলাম