গ-তে গল্পকারের বিজয়ীদের দেওয়া হলো পুরস্কার

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ছবি: প্রথম আলো

অনুষ্ঠিত হলো তরুণ লেখকদের প্রতীক্ষিত ‘গ-তে গল্পকার’-এর একুশ গল্প সংকলনের নবীন লেখকদের সংবর্ধনা অনুষ্ঠান। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে অনলাইনভিত্তিক চ্যানেল আগামী। তরুণ লেখকদের কাছে ছোটগল্প আহ্বান করা হয়। সেখান থেকে পাওয়া গল্প থেকে নির্বাচিত একুশ জনের গল্প নিয়ে এবারের মেলায় প্রকাশিত হয় বই ‘একুশ গল্প’। এই একুশ সেরা গল্পকারের হাতে তুলে দেওয়া হয় স্মারক, মানপত্র ও একটি বই। আয়োজকেরা জানিয়েছেন, সাত শ গল্প জমা পড়েছিল এ প্রতিযোগিতায়।

জাতীয় সংগীত, এরপর কানিজ ফাতেমার আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। স্বাগত বক্তব্যে চ্যানেল আগামীর প্রধান নির্বাহী তানজিম রিফাত বলেন, ‘শিশু-কিশোর ও তরুণদের মেধা বিকাশ এবং সৃজনশীলতা প্রকাশের জন্য চ্যানেল আগামী সব সময়ই সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গ-তে গল্পকার আমাদের ক্ষুদ্র আয়োজন।’

নবীন গল্পকারদের ভিড় ছিল অনুষ্ঠানে। ছবি: প্রথম আলো
নবীন গল্পকারদের ভিড় ছিল অনুষ্ঠানে। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকি, লেখক রাজীব হাসান, সাদাত হোসাইন, কিঙ্কর আহসান। ছিলেন কার্টুনিস্ট জুনায়েদ আজিম চৌধুরী, মডেল এমদাদ হোসেন শপথ, মাইক্রোসফট বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত জাহান। শিশুসাহিত্যিক ফোরামের চেয়ারম্যান এবং অন্বয় প্রকাশের প্রকাশক হুমায়ুন কবীর ঢালী প্রমুখ।

অতিথিরা নবীন লেখকদের উদ্দেশে বলেন, একটি ভালো লেখা একটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী। একটি গল্প যত সুন্দর হবে, পাঠক সেই কল্পনার জগতে তত গভীরভাবে ডুব দিতে পারবে। লিখলাম আর গল্প ছাপা হলো, লেখালেখি এতটা সহজ নয়। আর সব শিল্পমাধ্যমের মতো লেখাও একটি সাধনা। আর তাই এর জন্য প্রয়োজন আত্মত্যাগ, নিবিড় চর্চা।

অতিথিদের ছোটবেলার মজার কাহিনি এবং রসবোধে হাস্য মুখরিত হয়ে ওঠে নবীন লেখকেরা। তাঁরা নিজেদের গল্পের গল্প শোনান। কীভাবে লিখলেন এই গল্প। অনুষ্ঠানের অতিথি তিন লেখক নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন নবীনদের সঙ্গে। জানান, কীভাবে এই গল্পগুলোই আরও অসাধারণ হয়ে উঠতে পারত। আয়োজকেরা জানান, কীভাবে একেকটি গল্প সংগ্রহ করা হয়েছে। কতটা কঠিন ছিল অসংখ্য গল্প থেকে মাত্র একুশটি গল্প বাছাই করা।

অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকি অনুপ্রেরণা দেন নবীন লেখকদের। ছবি: প্রথম আলো
অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকি অনুপ্রেরণা দেন নবীন লেখকদের। ছবি: প্রথম আলো

চ্যানেল আগামীর প্রধান পরিচালন কর্মকর্তা এস এম মারজান ইভান জানান, ‘অল্প সময়ের প্রস্তুতিতে আমরা এত সাড়া পাব ভাবিনি। প্রায় সাড়ে সাত শ গল্পকার গল্প জমা দেন প্রতিযোগিতায়, সেখান থেকে আমাদের দুজন বিচারক সাদাত হোসেইন এবং রাজীব হাসান আমাদের আয়োজক দলের সঙ্গে রাতদিন গল্প পড়ে এবং সম্পাদনা করে একুশটি সেরা গল্প বাছাই করেন। আমাদের উদ্যোগের পাশে এসে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষক অফারএজ ডটকম, নিউজ ইনসাইড ২৪ডটকম, রেডিও স্বাধীন ৯২.৪, মিডিয়া মিক্স কমিউনিকেশনস, ওয়েডিং এজ এবং শ্যাডো ইঞ্জিন, ডায়না হোস্ট, এআরএ অ্যাডস অ্যান্ড কো. এবং অন্বয় প্রকাশকে।’

বক্তৃতা শেষে অতিথিরা সেরা একুশ গল্পকারকে সংবর্ধনা ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। এর আগে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। রকমারি ডটকমের পক্ষ থেকে সবার জন্য ছিল একটি করে বই। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে এ বছরের গ-তে গল্পকারের।