গউছের সাময়িক বরখাস্ত স্থগিত করে দেওয়া আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।

ফলে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল ও মেয়র হিসেবে গউছের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এম মাসুদ রানা।

দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় ২ এপ্রিল ফের সাময়িক বরখাস্ত করা হয় হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয় বলে স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে বলা হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে গউছ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৪ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ বরখাস্তের আদেশ স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা রোববার শুনানির জন্য ওঠে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদনটি (সিএমপি) করা হয়। আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেওয়া সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে মেয়র জি কে গউছকে অভিযুক্ত করা হয়। একই বছর ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। প্রায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর ২৩ মার্চ মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন। সুনামগঞ্জে সাবেক সাংসদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায়ও তাঁকে আসামি করা হয়। ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।