গঙ্গা ব্যারাজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি
গঙ্গা ব্যারাজ নির্মাণ ও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল শনিবার নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে নগরের অলকার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক দেবাশীষ প্রামাণিক, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার আব্দুল মান্নান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এ উপমহাদেশের ভাটির একটি দেশ। সব নদ-নদী ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশ অববাহিকা অতিক্রম করে সাগরে পতিত হয়েছে। তাই নদীগুলোর উজানে ভারতের বাঁধের কারণে বাংলাদেশ পানিশূন্য হয়ে পড়েছে।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গঙ্গা ব্যারাজ বাস্তবায়নের পাশাপাশি উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।