গঙ্গা ব্যারাজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গা ব্যারাজ নির্মাণ ও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল শনিবার নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে নগরের অলকার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক দেবাশীষ প্রামাণিক, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার আব্দুল মান্নান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এ উপমহাদেশের ভাটির একটি দেশ। সব নদ-নদী ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশ অববাহিকা অতিক্রম করে সাগরে পতিত হয়েছে। তাই নদীগুলোর উজানে ভারতের বাঁধের কারণে বাংলাদেশ পানিশূন্য হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, গঙ্গা ব্যারাজ ও উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তাঁরা জানতে পেরেছেন, এ প্রকল্প অর্থায়নে আগ্রহ দেখিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে এ প্রকল্প নির্মাণে ৪০০ কোটি ডলার খরচ হবে। চীনের ‘চ্যাংজিয়াং সার্ভে, প্ল্যানিং, ডিজাইন ও রিসার্চ’ (সিএসপিডিআর) নামের প্রতিষ্ঠানটির সঙ্গে গঙ্গা ব্যারাজের পরিকল্পনা ও অর্থায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড ২০১৩ সালে একটি সমঝোতা স্মারক সই করে।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গঙ্গা ব্যারাজ বাস্তবায়নের পাশাপাশি উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।