গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর ডাইংপাড়া গোলচত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গোদাগাড়ী নাগরিক কমিটি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামায়াত খান, গোদাগাড়ী কলেজের অধ্যাপক আবদুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ রবিউল ইসলাম, গোদাগাড়ী প্রেসক্লাবের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদী বাঁচলে বরেন্দ্র অঞ্চলের কৃষি বাঁচবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলে খাদ্য ও মাছের উৎপাদন বাড়বে। রোধ হবে নদীভাঙন। এই জন্য দ্রুত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনটি সঞ্চালনা করেন গোদাগাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলমগীর তোতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নওয়াজের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।