গঙ্গা ব্যারাজ হলে সুন্দরবন রক্ষা সম্ভব হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গা ব্যারাজ নির্মিত হলে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ভারতের টিপাইমুখ প্রকল্পের আঙ্গিক পরিবর্তন হতে পারে বলেও তিনি জানান। গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম প্রশ্নের জবাব দেন।

সরকারি দলের এম আবদুল লতিফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারাজ নির্মিত হলে গঙ্গানির্ভর এলাকার ১২৩টি আঞ্চলিক নদীতে পানির প্রবাহ অক্ষুণ্ন রাখা সম্ভব হবে। এর জলাধারের পানি সারা বছর সেচ প্রকল্প, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবিদ্যুৎ উৎপাদন, লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার করা হবে। ইতিমধ্যে প্রকল্পের প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারাজের ভারতীয় অংশে প্রভাব নিরূপণের জন্য আট সদস্যের ভারতীয় কারিগরি দল গত বছরের ২৪ থেকে ২৮ অক্টোবর বাংলাদেশ ভ্রমণ করে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে ইতিমধ্যে একটি কারিগরি উপকমিটি গঠিত হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

নিজাম উদ্দীন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর ভারতের পরিকল্পিত টিপাইমুখ প্রকল্পের প্রভাব নিরূপণের জন্য একটি যৌথ সমীক্ষা পরিচালিত হচ্ছে। সম্প্রতি ভারত জানিয়েছে, এই প্রকল্পের আঙ্গিক পরিবর্তন হতে পারে। পরিবর্তিত তথ্য-উপাত্ত পাওয়ার পর সমীক্ষা চূড়ান্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৪ থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আদালতে মোট ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিনোদনসুবিধার জন্য চারতলা ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।

গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতগুলোতে কাজে গতিশীলতা বৃদ্ধির জন্য সরকার ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে আদালতগুলোতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল হবে।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়।