গঙ্গাচড়া ও রৌমারীর সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নের ৯৩টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া কুড়িগ্রামের রৌমারীর তিনটি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ষষ্ঠ ধাপে আজ শনিবার ওই ইউপির নির্বাচন হবে। এদিকে গত বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় সরকারদলীয় প্রার্থীদের পক্ষ থেকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে স্বতন্ত্র আটজন প্রার্থী অভিযোগ করেছেন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ৯৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আনসার, পুলিশ, আর্মড পুলিশ, সাদাপোশাকে পুলিশসহ ২২ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি ও একজন বিচারিক হাকিমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এবং র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।
গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে তালপট্টি গ্রামে সরকারি দলের পরিচয় দিয়ে একটি পক্ষ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এ ছাড়া লক্ষ্মীটারী ইউপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়সাল হাসান, বেতগাড়ি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান চৌধুরী ও দেবদুলাল রায়; কোলকোন্দ ইউপির আবদুর রউফ ও আবু তায়েম চৌধুরী; বড়বিলের রেদওয়ানুল হক ও আলমবিদিতর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাদেকুল ইসলাম একই ধরনের অভিযোগ করে নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে রৌমারীর ঝুঁকিপূর্ণ ৫৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে পুলিশ, আনসারসহ ২০ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক মাঠে থাকবে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্টাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবির ছয়টি গাড়ি টহল দেবে।