গঙ্গাচড়ায় আ.লীগের বর্ধিত সভায় সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত সভায় বক্তৃতা দিতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ায় গত শনিবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের হাত ভেঙে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার রাত আটটায় উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। নির্দিষ্ট সময়ের কিছু পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান প্রামাণিকের সভাপতিত্বে সভা শুরু হয়।সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে যুবলীগের একজন নেতা বক্তৃতা দিতে চাইলে আওয়ামী লীগের নেতারা তাতে আপত্তি জানালে যুবলীগের কর্মীরা মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। যুবলীগের আহ্বায়ক আবদুল আউয়াল বলেন, ‘আমাদের বক্তৃতা দিতে দিলে আওয়ামী লীগের অপকর্ম সম্পর্কে বলা হতো। তাই বক্তৃতা দিতে দেওয়া হয়নি।’ মজিবর রহমান প্রামাণিক বলেন, আওয়ামী লীগের বর্ধিত সভায় যুবলীগের কারও বক্তৃতা দেওয়ার কথা নয়। এই দাবি তাঁদের অযৌক্তিক।গঙ্গাচড়া থানার ওসি আমানউল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।