গঙ্গাচড়ায় এক সপ্তাহে ১০০ পরিবারের বসতভিটা বিলীন
বন্যার পর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এখন ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তিস্তা নদীর ভাঙনে হাজিপাড়া গ্রামের ১০০ পরিবারের বসতভিটা বিলীন হয়েছে।
উপজেলার আলমবিদিতর ইউনিয়নের হাজিপাড়া গ্রামটি এখন ভাঙনের মুখে পড়েছে। গ্রামের ৪০০ পরিবারের মধ্যে ১০০ পরিবার নদীভাঙন থেকে রক্ষা পেতে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। ৩০০ পরিবার এখনো সেখানে অবস্থান করলেও পাইকান জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫০ পরিবারের বসতভিটা নদীভাঙনের মুখে রয়েছে বলে গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে। গ্রামের অনেকেই আবাদি জমি ও বসতভিটা হারিয়ে এখন সর্বস্বান্ত হয়েছেন। তাঁরা তাঁদের ঘরবাড়ি সরাতে পারলেও বসতভিটা, আবাদি জমি ইতিমধ্যে চলে গেছে নদীতে। নদী প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন স্থানে কোনো রকমে ঠাঁই নিয়েছেন তাঁরা।
এলাকার কৃষক গোলাম রব্বানীর বসতভিটাসহ ২৩ শতাংশ আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় নদী প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘গেল বছর কিছু আবাদি জমি নদীত গেইছে। এবার বাড়িভিটাও গেল। আর কিছু থাকিল না।’
ভাঙনে নিঃস্ব হয়ে পড়া মানুষজনের মধ্যে তোফাজ্জল মিয়া, আবদুল হাতেম, মোমিন মিয়া, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকেই জানান, টাকা ধার করে তাঁদের ঘরবাড়ি সরাতে হয়েছে। নতুন করে যে ঘরবাড়ি তুলবেন, এমন জমিও তাঁদের নেই। অন্যের জায়গা কিংবা প্রতিরক্ষা বাঁধে তাঁরা আশ্রয় নিয়েছেন।
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন জানান, এই এলাকায় ভাঙনরোধে অবিলম্বে কাজ করা না হলে যেকোনো সময় নদী প্রতিরক্ষা মূল বাঁধে আঘাত হানতে পারে।
রংপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী শহিদুর রহমান ভাঙনের কথা স্বীকার করে বলেন, ভাঙনরোধে জরুরি ভিত্তিতে সেখানে কাজ শুরু করা হবে।