
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙনে গত এক সপ্তাহে আলমবিদিতর ইউনিয়নের হাজিপাড়া গ্রামের ৫০টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। সেই সঙ্গে শতাধিক পরিবারের বসতভিটা ভাঙনের মুখে রয়েছে।
সরেজমিনে গতকাল সোমবার সকালে দেখা যায়, হাজিপাড়া এলাকায় চাপ চাপ হয়ে নদীর পাড় ভাঙছে। আবার কোথাও মাটির চাপের সঙ্গে নদীতে বিলীন হচ্ছে গাছপালা ও বাড়িঘরের কিছু অংশও। পাড় ভাঙতে ভাঙতে অনেক পাকা ও টিনের বাড়িঘর একেবারে নদীর কিনারে এসে পড়েছে। যেকোনো দিন সেগুলো নদীতে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা করছে এলাকাবাসী।
ভাঙনকবলিত ব্যক্তিরা জানান, এই গ্রামের অনেকেই আবাদি জমি, বসতভিটা হারিয়ে এখন সর্বস্বান্ত। তাঁরা কোনোমতে ঘরবাড়ি ভেঙে সরাতে পারলেও বসতভিটা, গাছগাছালি, আবাদি জমি—সবই নদীতে গেছে। একসময়কার গৃহস্থ এসব মানুষ এখন নদী প্রতিরক্ষা বাঁধ বা অন্যের ভিটেমাটিসহ বিভিন্ন স্থানে কোনোরকমে ঠাঁই করে নিয়েছেন।
গ্রামবাসী সূত্র জানায়, হাজিপাড়া গ্রামের ৪০০ পরিবারের মধ্যে গত বছর ১০০ পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়। বাকি ৩০০ পরিবারের মধ্যে ৫০টি পরিবারের বসতভিটা গত এক সপ্তাহের ব্যবধানে নদীভাঙনে বিলীন হয়েছে। এখনো শতাধিক পরিবারের বসতভিটা ভাঙনের মুখে রয়েছে। গ্রামবাসীর অভিযোগ, দুই বছর ধরে এই হাজিপাড়া গ্রাম এলাকায় ভাঙনরোধে কোনো কাজ করা হয়নি। আর তাই এবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
কৃষক আবুল কাশেমের বসতভিটাসহ প্রায় তিন একর আবাদি জমি গত এক বছরের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে। নদীর কিনারে এখনো যে সামান্য জমিটুকু আছে, তাতে বসবাস করছেন। তিনি বলেন, ‘নদীর ভাঙন ঠেকাতে এক বছর আগোত কাজ হইলে হামার জমিগুলা ভাঙিল না হয়। এ্যালা শেষ সম্বল জমিটাও মনে হয় চলি যায়।’
কৃষক যাদু মিয়ার গত এক বছরে প্রায় এক একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখন তাঁর বসতভিটাটুকুও নেই। অন্যের ভিটায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘বসতভিটা চলি গেলো। এবার কয়দিন আগোত অল্প কিছু আবাদি জমিও নদী খায়া ফেলাইল। আর কিছুই থাকিল না।’
আবাদি জমি, বসতভিটা সব হারিয়েছেন সুলতান মিয়া। তিনি বলেন, ‘এই কিছুদিন থাকি ফির নদীর ভাঙন শুরু হইছে। এবার যদি কাজ না হয়, তাইলে এক শর বেশি বাড়িঘর নদীত চলি যাইবে।’
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাবুজ্জামান জানান, হাজিপাড়া এলাকা থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে নদী প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। এখানেও খুব শিগগির কাজ করা হবে। তবে কবে নাগাদ করা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মনসুর আলী নদীভাঙনের কথা নিশ্চিত করে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাঙনরোধে ওই এলাকার আধা কিলোমিটারের একটু বেশি এলাকায় প্রায় ৫ কোটি টাকার কাজ এরই মধ্যে শুরু হয়েছে।