গঙ্গাচড়ায় তিন হাজার পরিবার পানিবন্দী
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত দুই দিনে রংপুরের গঙ্গাচড়ায় বন্যা দেখা দিয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী ১০টি গ্রামে পনিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার।জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার সীমান্তের ওপার থেকে হঠাৎ করে পানি নামতে থাকে। এতে উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লক্ষ্মীটারী, গজঘণ্টা ও মর্নেয়া—এই ছয় ইউনিয়নের নিচু এলাকায় বন্যা দেখা দেয়।গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীটারী ইউনিয়নের ইছলি ও শংকরদহ গ্রামের পানিবন্দী মানুষ আশ্রয় খুঁজছে। শংকরদহ গ্রামের জয়নব বেগম বলেন, ‘বাঁধোত ঠাঁই পাওয়ার জন্য ছুটি যাইতছি।’ ইছলি গ্রামের সামসুন্নাহারের বাড়িতে পানি। মালামাল নিয়ে অন্যত্র যাওয়ার উপায় খুঁজে পাচ্ছেন না তিনি।বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সূত্রে জানা গেছে, নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া, কচুয়া ও নোহালীর চর এলাকায় ৫০০ পরিবার, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, মটুকপুর, উত্তর কোলকোন্দ ও বিনবিনা গ্রামে প্রায় এক হাজার পরিবার, লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরহদ, পূর্ব ইছলী, পশ্চিম ইছলী, জয়রামওঝা ও ইশোরকুল গ্রামে ৩০০ পরিবার, মর্নেয়া ইউনিয়নের মৌভাষা ও উত্তর মর্নেয়া গ্রামে প্রায় ৪০০ পরিবার এবং গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মহিষাসুর ও জয়দেব গ্রামের ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।লক্ষ্মীটারী ইউপির চেয়ারম্যান ফয়সাল হাসান বলেন, আকসিঞ্চক বন্যায় অনেক বাড়িঘর তলিয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। গজঘণ্টা ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী জানান, বানভাসী মানুষকে সরকারিভাবে এখনো কোনো সহায়তা করা হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা এখনো করা হয়নি। তবে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা উপজেলা প্রশাসনের কাছে চাওয়া হয়েছে।